অসুস্থ ইলিয়াস কাঞ্চন, অভিনেতার বাড়িতে সুচন্দা-চম্পা
ছবি: সংগৃহীত
১১:৫৭ এএম | ১০ আগস্ট, ২০২৬
দীর্ঘ ১৫ মাসের বেশি সময় যুক্তরাজ্যে চিকিৎসা নিচ্ছেন চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি তিনি স্বল্প সময়ের জন্য দেশে ফিরেছেন। দেশে ফেরার পর তাকে দেখতে গুলশানের বাসায় ছুটে যাচ্ছেন চলচ্চিত্র অঙ্গনের সহকর্মীরা। তাকে দেখতে শনিবার (৮ আগস্ট) রাতে যান বরেণ্য অভিনয়শিল্পী সুচন্দা ও তার ছোট বোন চম্পা। তাদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন ইলিয়াস কাঞ্চন।
সুচন্দা ও চম্পা ইলিয়াস কাঞ্চনের গুলশানের বাসায় পৌঁছান রাত ৮টায়। সে সময় ঘুমিয়ে ছিলেন কাঞ্চন। প্রায় রাত নয়টার দিকে ছেলে জয় তাকে শোবার ঘর থেকে বসার ঘরে নিয়ে আসেন। সামনে সুচন্দা ও চম্পাকে দেখে হাসিমুখে তাদের স্বাগত জানান তিনি। পরে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান দুই বোন। আড্ডার একপর্যায়ে চম্পা বলেন, আমরা আপনাকে ভালোবাসি। জবাবে কাঞ্চনও বলেন, আমিও ভালোবাসি সবাইকে। খুব ভালো লাগছে। এরপর চম্পা জানতে চান, কতটা ভালোবাসেন। কাঞ্চন দুই হাত প্রসারিত করে নিজের ভালোবাসার কথা জানান। এ সময় উপস্থিত সবাই হাসিতে মেতে ওঠেন।
আড্ডায় উঠে আসে চলচ্চিত্রজীবনের নানা স্মৃতি। সুচন্দা প্রযোজিত ‘তিনকন্যা’ সিনেমার প্রসঙ্গও আসে। পরে সুচন্দা ও চম্পার অনুরোধে গানও গান ইলিয়াস কাঞ্চন। ‘অচেনা’ সিনেমার জনপ্রিয় গান ‘আর যাব না আমেরিকা’সহ কয়েকটি গান শোনান তিনি। গান গাওয়ার সময় তার সঙ্গে কণ্ঠ মেলান দুই বোন।
চম্পা সঙ্গে করে জমজমের পানি ও কয়েকটি পাঞ্জাবি নিয়ে এসেছিলেন। নিজের হাতে কাঞ্চনকে জমজমের পানি পান করান তিনি এবং পাঞ্জাবিগুলো লন্ডনে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। প্রায় রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে এই আড্ডা। বিদায়ের সময় সুচন্দা বলেন, তারা খুব ভালো সময় কাটিয়েছেন এবং কাঞ্চনও আড্ডা উপভোগ করেছেন। তার আশা, আল্লাহ ইলিয়াস কাঞ্চনকে দ্রুত সুস্থ করে তুলবেন।
উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসাধীন ছিলেন ইলিয়াস কাঞ্চন। ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা তাকে ব্রেন ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানান। দীর্ঘদিন কেমোথেরাপি চলেছে তার। ফিরে গিয়ে ফের চিকিৎসা শুরু হবে তার।
এসএন