শুটিং সেটে নাকফুল গিলে ফেলার উপক্রম শেহনাজের
ছবি: সংগৃহীত
১২:২৮ পিএম | ১০ আগস্ট, ২০২৬
সিনেমার শুটিং চলাকালে হঠাৎ এক দুর্ঘটনার মুখে পড়েছেন অভিনেত্রী শেহনাজ গিল। সেটে দৌড়ানোর একপর্যায়ে তার নাকফুলটি খুলে সোজা মুখের ভেতর ঢুকে যায়।
ঘটনাটি ঘটে ‘ইশকনামা’ ছবির শুটিং সেটে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই।
ভিডিওতে দেখা যায়, সেটে দৌড়ানোর সময় আকস্মিকভাবে নাকফুলটি শেহনাজের মুখের ভেতর চলে যায় এবং তিনি কাশতে শুরু করেন। অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি এটি গিলে ফেলেছেন।
সে সময় পাশে থাকা সহ-অভিনেতা সৌরভ সচদেভা দ্রুত এগিয়ে আসেন এবং তার পিঠে চাপড়ে পরিস্থিতি সামাল দিতে সাহায্য করেন। ভিডিওর ক্যাপশনে শেহনাজ জানান, ভক্তদের অনুরোধেই এই বিহাইন্ড দ্য সিন তিনি সবার সঙ্গে শেয়ার করেছেন।
ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তরা অভিনেত্রীর নিরাপত্তা ও সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে কঠিন পরিস্থিতিতেও কাজ চালিয়ে যাওয়ার জন্য তার পেশাদারির প্রশংসা করেছেন তারা।
এসএন