এক কৃষককে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী
ছবি: সংগৃহীত
০৩:৩৪ পিএম | ১১ আগস্ট, ২০২৬
মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্ত এলাকা থেকে আব্দুল মান্নান (৭০) নামের এক বাংলাদেশী কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর প্রতিবাদে সীমান্ত এলাকায় অবস্থানরত দুই ভারতীয় নাগরিককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টায় উপজেলার ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে। আটক আব্দুল মান্নান ইছাখালী মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে দেড় বিঘা জমিতে কাঁচা মরিচের চাষাবাদসহ অন্যান্য ফসলের চাষাবাদ করে আসছে। আজ সকালে ওই জমিতে কীটনাশক স্প্রে করতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনা ইছাখালি গ্রামে ছড়িয়ে পড়লে তারা ভারতীয় দুইজন কৃষককে আটক করে নিয়ে আসে। এরপর বিএসএফ ও বিজিবি পতাকা বৈঠকের আয়োজন করে।
আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘আমার দাদাকে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার খবর পাওয়ার পরে তাদেরকে ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু তারা আমার দাদাকে ছেড়ে দেয়নি। এ কারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে দুইজন ভারতীয় কৃষককে তুলে এনেছে। তাদের একজনের নাম সচিন কর্মকার, অপরজন নারায়ণ দেব।’
ইছাখালি ক্যাম্প সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে আব্দুল মান্নানকে সীমান্তে ১২৪/৪-এস নম্বর পিলারের কাছে নিজের মরিচ খেতে কীটনাশক স্প্রে করার সময় বিএসএফ তুলে নিয়ে যায়। এ বিষয়ে পতাকা বৈঠকের আয়োজন চলছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ‘উভয় পক্ষের কৃষক তুলে নেয়ার ঘটনায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধান করার চেষ্টা চলছে।’
এমআই/এসএন