গোপালগঞ্জে মাদ্রাসার ছাত্রাবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত
০১:৩১ এএম | ১২ আগস্ট, ২০২৬
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ছাত্রাবাসের দোতলার একটি কক্ষ থেকে হুসাইন কাজী (১১) নামের ক্বিরাত খানার এক শিক্ষার্থীর মরদহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় মাদ্রাসার শিক্ষার্থীরা খেলাধুলা শেষ করে রুমে ফিরে দরজা বন্ধ দেখতে পায়। এসময় তারা জানালা দিয়ে হুসাইন কে একটি ট্রাংক এর উপরে পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় মাদ্রাসা কর্তৃপক্ষ।
পরে ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে জানালার গ্রিল কেটে কক্ষের ভিতরে প্রবেশ করে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় একটি ট্রাংকের উপরে শিশুটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, ওই শিক্ষার্থীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাৎক্ষণিকভাবে অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে
এমআর/টিএ