বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি
ছবি: সংগৃহীত
০৮:৩৪ এএম | ১৫ নভেম্বর, ২০২৬
বাহরাইনে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকালে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক সতর্কতায় নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানায়। এ সময় সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সরকারি তথ্যের ওপর নজর রাখতেও বলা হয়।
সতর্কতা জারির প্রায় ১৫ মিনিট পেরিয়ে গেলেও এখনো বাহরাইন জানায়নি কোন জায়গা থেকে হামলা চালানো হয়েছে।
গত সপ্তাহে ইরানের হরমুজগান প্রদেশের সিরিকে একটি টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে বাহরাইনে ড্রোন ছুড়ে ইরান। পরবর্তীতে তেহরান জানায়, তাদের টেলিকমিউনিকেশন টাওয়ারে হামলার জবাবে বাহরাইনে থাকা মার্কিনিদের একটি রাডারে হামলা চালিয়েছে। যেটি হামলার আগাম সতর্কতা দেয়। পরবর্তীতে ইরান স্যাটেলাইটের একটি ছবি প্রকাশ করে দাবি করে, তাদের হামলায় মার্কিনিদের রাডারটি ধ্বংস হয়ে গেছে। তবে আজ ইরান থেকে আবারও হামলা চালানো হয়েছে কি না তা নিশ্চিত নয়।
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার সকালে এক্সে এ তথ্য জানান সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। এ সামরিক কমান্ডার বলেছেন, মিসাইলটি প্রতিহত করা হয়েছে।
তুর্কি আল-মালিকি এ তথ্য জানানোর কয়েক মিনিট আগে রিয়াদে সম্ভাব্য হামলার সতর্কতা জারি করে সৌদির সিভিল ডিফেন্স। এরপর এটি আবার প্রত্যাহার করা হয়।
এ সময় সবাইকে কর্তৃপক্ষের নির্দেশনা মানার জন্য আহ্বান জানানো হয়।
সূত্র: আলজাজিরা
এমআর/