© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মসজিদে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে পুলিশের হত্যা মামলা

শেয়ার করুন:
মসজিদে বিস্ফোরণ: অবহেলার অভিযোগে পুলিশের হত্যা মামলা
own-reporter-narayanganj
০২:৪৬ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। অবহেলার কারণে ভয়াবহ বিস্ফোরণ ও হতাহতের ঘটনা ঘটেছে বলে পুলিশ মামলায় উল্লেখ করেছে।

রবিবার সকালে ফতুল্লা মডেল থানার এসআই হুমায়ন কবির বাদী হয়ে এ মামলা দায়ের করেন। থানার ওসি আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথির বরাত দিয়ে ওসি আসলাম বলেন, ঘটনার সঙ্গে মসজিদ পরিচালনা কমিটি, তিতাস গ্যাস, বিদ্যুৎ ও ভবন নির্মাণের সঙ্গে যারা জড়িত, যাদের অবহেলায় আগুনের সূত্রপাত এবং হতাহতের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তদন্তে যাদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ পাওয়া যাবে তাদের এই মামলায় আসামি করা হবে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণে অগ্নিদগ্ধ অর্ধশতাধিক মানুষ দগ্ধ হয়। তাদের মধ্যে এক শিশু ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। আরও ১৩ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, তাদের অবস্থাও আশঙ্কাজনক। বিস্ফোরণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে। জানালার কাচ বিস্ফোরণে উড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট ও পাইপলাইনের লিকেজ থেকে গ্যাস জমে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

এ ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা প্রশাসন, তিতাস গ্যাস, ডিপিডিসি, সিটি করপোরেশন পৃথক পাঁচটি তদন্ত কমিটি গঠন করেছে।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃত্যু বেড়ে ২৪

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন