মায়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র রাসেল
ছবি: সংগৃহীত
০৬:০১ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
মায়ের জানাজায় অংশ নিতে ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন পাবনা-৩ আসনের সাবেক এমপি মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাসেল। রাসেল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাঙ্গুড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা মেয়র।
বৃহস্পতিবার (১৩ আগষ্ট) বেলা সোয়া তিনটার দিকে পাবনা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মানবিক দিক বিবেচনা করে মায়ের জানাজায় অংশ নিতে তাকে চার ঘন্টার জন্য প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিনি পুলিশী পাহাড়ায় মুক্তি পাবেন।
রাসেলের আইনজীবি অ্যাডভোকেট রেজাউল করিম পলাশ জানান, গোলাম হাসনাইন রাসেলের জামিন হলেও অন্য একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। পরে মায়ের জানাযায় অংশ নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন জানানো হলে তিনি মঞ্জুর করেছেন।
পুলিশ হেফাজতে মায়ের জানাজা ও দাফন শেষে যথাসময়ের মধ্যে আবার কারাগারে ফিরবেন রাসেল, বলে জানান তার আইনজীবী।
এর আগে বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টা ৫৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাসেলের মা নুরজাহান রেখা।
প্রসঙ্গত, গত ২০ জুলাই রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে রাসেল ও তার সহযোগী বশিরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ভাঙ্গুড়া থানায় দায়ের করা একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।
সম্প্রতি মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন উল্লেখ করে আদালতে জামিনের আবেদন জানান তার আইনজীবী। দীর্ঘ শুনানি শেষে বুধবার (১২ আগস্ট) পাবনা জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক আফতাবুজ্জামান তার জামিন মঞ্জুর করেন। যথাসময়ে আদালতের জামিনে মুক্তির আদেশ পাবনা জেলা কারাগারে পৌঁছালেও তাকে আর কারামুক্ত করা হয়নি।
এর মধ্যে বৃহস্পতিবার রাসেলকে আদালতে হাজির করে চাটমোহর থানায় সম্প্রতি দায়ের হওয়া অন্য একটি মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। ফলে জামিন কার্যকরের আগেই নতুন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি ফের কারাগারে আটকে পড়েন।
তবে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের কাছে প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর হওয়ার পর মায়ের জানাজায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন রাসেল।
এমআর/টিএ