চট্টগ্রামে অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে পড়ানো হলো ১০০ রাকাত নফল নামাজ
ছবি: সংগৃহীত
১০:২৩ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিএনজি অটোরিকশা চুরির অভিযোগে চোরচক্রের তিন সদস্যকে আটক করে তওবা পড়ানোর পর ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে ছেড়ে দিয়েছেন স্থানীয়রা।
বুধবার (১২ আগস্ট) রাতে উপজেলার মিঠাছড়া বাজারের গাংচিল ফিলিং স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এই ঘটনায় আটক হওয়া ব্যক্তিরা হলেন— বারইয়ারহাট এলাকার বেলাল হোসেন ও পূর্ব মোটবাড়িয়া এলাকার রিফাত হোসেন। চক্রের অন্য সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন আগে তিন সদস্যের একটি চক্র মিঠাছড়া বাজার এলাকা থেকে একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায়। পরে স্থানীয়রা সিসিটিভি ফুটেজ দেখে চক্রটির সদস্যদের শনাক্ত করার চেষ্টা করেন। সবশেষ গতকাল রাতে চক্রটির তিন সদস্যকে স্থানীয়রা আটক করেন। পরে তাদের আর চুরি করবেন না, এ মর্মে তওবা পড়ানো হয়। এরপর ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় যুবদল নেতা আমজাদ হোসেন বাবু বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে অপরাধীদের সংশোধনের সুযোগ দিতে এবং শারীরিক নির্যাতন না করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা নুর হোসেন মিয়া বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে চুরির সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। বুধবার তাদের হাতেনাতে আটক করা হয়। পরে কোনো ধরনের আঘাত না করে তওবা পড়িয়ে নামাজ আদায়ের সুযোগ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, মিঠাছড়া এলাকায় চোর আটক করে নামাজ পড়ানোর বিষয়ে আমরা অবগত নই। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগও করেননি।
এমআর/টিএ