বগুড়ায় সিটি করপোরেশন কার্যালয় থেকে যুব মহিলা লীগের সাবেক নেত্রী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
০২:২১ এএম | ১৪ আগস্ট, ২০২৬
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি আকতার নূপুরকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে বগুড়া সিটি করপোরেশন কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) আবদুল্লাহ আল সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আইভি আকতার বগুড়া মহানগরীর শিববাটি শাহী মসজিদ লেনের মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি কার্যক্রম নিষিদ্ধ জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। নূপুর বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পুলিশ তাকে কর্মস্থল থেকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার (এসআই) আবদুল্লাহ আল সাদিক জানান, রাজনৈতিক ওই মামলায় নাম না থাকলেও তদন্তে নূপুরের নাম এসেছে। তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বগুড়া মহানগরীর পশ্চিম বৃন্দাবনপাড়ার নূর হোসেন মন্ডলের ছেলে মো. আলিফ (২৫) গত বছরের ২৪ ডিসেম্বর সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে ২০২ জনের নাম উল্লেখপূর্বক ৩০২ জনকে আসামি করা হয়।
বাদী মো. আলিফ মামলায় উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল তিনটার দিকে ছাত্র-জনতার মিছিল নিয়ে মহানগরীর চাঁদনীবাজার এলাকায় পৌঁছান। এ সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হুকুমে তার মদদপুষ্ট আসামিরা ককটেল, হাতবোমা ও অন্য আসামিরা লাঠি, কিরিচ, রামদা, চায়নিজ কুড়াল, বার্মিজ চাকু নিয়ে পূর্বপরিকল্পিতভাবে ‘রাজাকারের বাচ্চা’ গালি দেয়াসহ হত্যার হুমকি দেন। তখন প্রধান আসামির হুকুমে অন্য কয়েকজন আসামি মিছিলে ককটেল ও বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করেন। আসামিরা গুলি করলে তিনি (বাদী) কপাল, বুক ও উরুতে গুলি লেগে রক্তাক্ত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন।
এ ছাড়াও অন্য আসামিরা তাকে ও ছাত্র-জনতাকে মারধর করে গুরুতর জখম করে। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে মামলা করেন।
একেএস/টিএ