প্রতারণার অভিযোগে মার্কিন পপতারকা সেলেনা গোমেজের বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত
০৫:১৯ পিএম | ১৪ আগস্ট, ২০২৬
মার্কিন পপতারকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ এবং তার স্বাস্থ্যবিষয়ক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘ওয়ান্ডার মাইন্ড’র বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটির কয়েকজন বিনিয়োগকারী বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই মামলা দায়ের করেছেন। তাদের দাবি―স্টার্টআপটির সাফল্য এবং পপতারকার সক্রিয় অংশ রীতিমত বিভ্রান্ত করেছে তাদের।
সংবাাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদন অনুযায়ী মামলার নথি থেকে জানা গেছে, ২০২১ সালে ওয়ান্ডার মাইন্ড যাত্রা করে। এতে সেলেনা গোমেজকে সহ-প্রতিষ্ঠাতা, চিফ ইমপ্যাক্ট অফিসার এবং চিফ মার্কেটিং অফিসার হিসেবে তালিকাভুক্ত করা হয়। সংস্থাটির লক্ষ্য ছিল, গ্রাহকদের প্রতিদিন নিজের মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দেয়ার সহজ ও কার্যকর উপায় প্রদান করা। একইসঙ্গে গ্রাহকদের তাদের নিউজলেটার পেতে সাবস্ক্রাইব করতে বলা হয়েছিল।
অভিযোগে বিনিয়োগকারী পাঁচজন জানিয়েছেন, সেলেনা তার তারকাখ্যাতি ও বিশাল সোশ্যাল মিডিয়া অনুসারীদের ব্যবহার করে দাঁড়া করাবেন, এমন আশা করে ২০১২ সালে ১২ লাখ ডলার বিনিয়োগ করেছিলেন তারা। বিপরীতে তিন বছর ধরে চোখের সামনে প্রতিষ্ঠানটি যখন নীরবে ধসে পড়ছিল, তখন এর কোনো প্রতিষ্ঠাতা, কর্মকর্তা বা পরিচালকও ওই বিনিয়োগকারীদের বিষয়টি জানায়নি।

এ কারণে বিনিয়োগকারীরা পপতারকা সেলেনা গোমেজের মা ও প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যান্ডি টিফি এবং তাদের সাবেক ব্যবসায়িক পার্টনার ড্যানিয়েল পিয়ারসনের বিরুদ্ধেও মামলা করেছেন। সিকিউরিটিজ জালিয়াতি, আইনগত প্রতারণা, চুক্তি ভঙ্গ ও অন্যান্য অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। অভিযোগে বিনিয়োগকারীরা তাদের মূল বিনিয়োগের অর্থ ফেরতের সঙ্গে ক্ষতিপূরণ ও আইনি খরচের দাবি জানিয়েছেন।
নথি অনুযায়ী, ২০২২ সালে প্রতিষ্ঠানটি তাদের মূলধন ৯৫ মিলিয়ন ডলার বলে দাবি করেছিল। তখন বিনিয়োগকারীদের বিশ্বাস করানো হয়েছিল যে, জেপি মরগান’র মতো প্রতিষ্ঠানের সঙ্গে করপোরেট পার্টনারশিপের পাশাপাশি বিজ্ঞাপন চুক্তি, তারকাদের নিয়ে কাভার স্টোরি এবং যুগান্তকারী একটি অ্যাপ চালু করা হবে। কিন্তু পরবর্তীতে এসবের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। উদ্যোগগুলো কখনো বাস্তবায়িত হয়নি।
এরপর গত বছর ‘দ্য কাট’র প্রকাশিত একটি প্রতিবেদন থেকে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সমস্যার ব্যাপারে জানতে পারে।
এছাড়া মামলায় দাবি করা হয়েছে, সেলেনা গোমেজ, টিফি ও পিয়ারসন যৌথভাবে প্রতিষ্ঠানটির প্রায় ৯০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন। মামলা সূত্রে আরও জানা গেছে, পপতারকার মা বিনিয়োগকারীদের জানিয়েছিলেন, পিয়ারসন নিউ ইয়র্ক সিটিতে তার বাসার ভাড়া পরিশোধের জন্য বিনিয়োগকারীদের তহবিলে হাত দিয়েছিলেন। যার পরিমাণ ছিল মাসে প্রায় ৬০ হাজার ডলার। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি ছেড়ে দেন পিয়ারসন।
এমআর/টিএ