‘ডুমসডে’র দ্বিতীয় ট্রেলারে মুখোমুখি ডুম-থর
ছবি: সংগৃহীত
০৮:৪৮ এএম | ১৬ আগস্ট, ২০২৬
মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার দ্বিতীয় ট্রেলার। শুক্রবার (১৪ আগস্ট) ডিজনির ‘ডি২৩’ ফ্যান কনভেনশনে দুই মিনিটের এই ট্রেলারটি যৌথভাবে উপস্থাপন করেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস ইভান্স ও হেইলি অ্যাটওয়েল।
এতে ভিলেন ডক্টর ডুম রূপী ডাউনি জুনিয়রের মুখোমুখি হতে দেখা গেছে মার্ভেল ইউনিভার্সের একাধিক শক্তিশালী সুপারহিরোকে। ট্রেলারের শুরুতেই ইনভিজিবল ওম্যান (ভ্যানেসা কার্বি)-কে ডক্টর ডুমের বিপজ্জনক পরিকল্পনা নিয়ে অন্য নায়কদের সতর্ক করতে দেখা যায়। এতে ডুমের সাথে মিস্টার ফ্যান্টাস্টিক (পেদ্রো পাস্কাল) এবং থর (ক্রিস হেমসওয়ার্থ)-এর মুখোমুখি লড়াইয়ের উত্তপ্ত মুহূর্ত ফুটে উঠেছে। মার্ভেল সুপারহিরোদের কড়া বার্তার জবাবে ডুমকে বলতে শোনা যায়, ‘নরক আমার ডাকে সাড়া দেয়, কারণ আমিই ডুম।’
‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ আয়রন ম্যানের বিদায়ের পর এই সিনেমার মাধ্যমেই ফের মার্ভেলে ফিরছেন রবার্ট ডাউনি জুনিয়র, তবে এবার খলনায়ক হিসেবে। এ ছাড়া ক্রিস ইভান্সও ক্যাপ্টেন আমেরিকা চরিত্রে ফিরে আসছেন। মার্ভেল স্টুডিওসের অন্যতম বড় বাজেটের এই চলচ্চিত্রটি আগামী ১৮ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এসএ/টিএ