যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতায় মিস ইউনিভার্সে অনিশ্চয়তায় আফ্রিকার সুন্দরীরা
ছবি: সংগৃহীত
০৯:২৫ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্রের ভিসা বিধিনিষেধের কারণে এবারের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন আফ্রিকার কয়েকটি দেশের প্রতিনিধিরা। জিম্বাবুয়ে ও দক্ষিণ সুদানের প্রতিযোগীদের পাশাপাশি ভিসা জটিলতার কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি প্রত্যাহার করেছে জাম্বিয়া।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আগামী ২৪ নভেম্বর মিস ইউনিভার্সের ৭৫তম আসরের বিজয়ীর নাম ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের অধীনস্থ অঞ্চল পুয়ের্তোরিকোয় বসবে এবারের আসর। সেখানে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করার কথা রোজানা হলের। তবে এখনো ভিসা না পাওয়ায় তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিওতে রোজানা বলেন, ‘আমার ভিসা অনুমোদনের জন্য আমরা বারবার চেষ্টা করছি।’ প্রতিযোগিতায় অংশ নিতে পুয়ের্তোরিকো যাওয়ার কথা থাকলেও ভিসা না পাওয়ায় তার যাত্রা এখনো নিশ্চিত হয়নি।
শুধু রোজানা নন, একই পরিস্থিতির মুখে পড়েছেন দক্ষিণ সুদানের প্রতিনিধিও। গত ৮ নভেম্বর থেকে প্রতিযোগীরা নিবন্ধন, পোশাকের মাপ নেওয়াসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নিতে পুয়ের্তোরিকোয় পৌঁছাতে শুরু করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেনশিয়াল প্রোক্লেমেশন ১০৯৯৮-এর আওতায় আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে থাকা ১৯টি দেশের একটি জিম্বাবুয়ে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই বিধিনিষেধের ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের পর্যটন, শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসা এবং অভিবাসী ভিসা প্রদান স্থগিত করা হয়েছে। অন্যান্য অনভিবাসী ভিসার ক্ষেত্রেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ।
এদিকে, একই নিষেধাজ্ঞার কারণে প্রতিযোগিতা থেকে নিজেদের প্রতিনিধি পামেলা মুবাঙ্গাকে প্রত্যাহার করেছে জাম্বিয়া। ২৫ বছর বয়সী এই নিবন্ধিত নার্স গত ৮ অক্টোবর মিস ইউনিভার্স জাম্বিয়া নির্বাচিত হয়েছিলেন।

মিস ইউনিভার্স জাম্বিয়ার আয়োজকেরা এক বিবৃতিতে জানান, ব্যক্তিগত সমস্যা, কাগজপত্রের ঘাটতি কিংবা সাংগঠনিক জটিলতার কারণে পামেলা প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াননি। যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণেই তার অংশগ্রহণ সম্ভব হচ্ছে না। বিবৃতিতে আরো বলা হয়, আফ্রিকার অন্তত পাঁচটি দেশ একই ধরনের সমস্যার মুখে পড়েছে।
রোজানা জানিয়েছেন, গত কয়েক সপ্তাহ ধরে তিনি দক্ষিণ আফ্রিকায় অবস্থান করে ভিসা পাওয়ার চেষ্টা করছেন। তিনি বলেন, ‘আমি একা এই পরিস্থিতিতে পড়িনি। আমার আফ্রিকান বোনদের অনেকেই একই সমস্যার মুখোমুখি। তারা কী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তা আমি বুঝতে পারছি।’
অন্যদিকে, দক্ষিণ সুদানের প্রতিনিধি রোজানার ভিডিওতে মন্তব্য করে জানিয়েছেন, প্রতিযোগিতায় অংশ নেওয়ার সম্ভাবনা এখন ৫০-৫০।
আগামী ২৪ নভেম্বর পুয়ের্তোরিকোর সান হুয়ানে হোসে মিগেল আগরেলট কোলিসিয়ামে অনুষ্ঠিত হবে মিস ইউনিভার্সের চূড়ান্ত পর্ব।
একেএস