শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, শাস্তি পেলেন কলেজ শিক্ষিকা
ছবি: সংগৃহীত
১০:১৭ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর চারঘাটে নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত করার আগে ওই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
সাময়িক বরখাস্ত হওয়া সোহেলী আক্তার নন্দনগাছী মহাবিদ্যালয়ের গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের প্রভাষক। শনিবার (১৫ আগস্ট) শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে সোহেলী আক্তার তার ফেসবুক আইডিতে একটি ফটোকার্ড পোস্ট করেন। ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি’ লেখা ওই ফটোকার্ডে শেখ মুজিবের ছবিও ছিল। ফটোকার্ডের ক্যাপশনে লেখা ছিল, ‘বিনম্র শ্রদ্ধা’। এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
শিক্ষিকাকে সাময়িক বরখাস্তের বিষয়ে কলেজের অধ্যক্ষ ওয়াহেদুল ইসলাম বলেন, প্রভাষক সোহেলী আক্তার নিষিদ্ধঘোষিত সংগঠনের প্রধানকে নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। এটা আমরা অবগত হওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কেউ এ ধরনের রাষ্ট্রবিরোধী পোস্ট দিতে পারে না, সেজন্য কলেজের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
কারণ দর্শানোর নোটিশ ছাড়াই কীভাবে বরখাস্ত করা হলো, জানতে চাইলে এর কোনো জবাব দেননি তিনি।
প্রভাষক সোহেলী আক্তার বলেন, আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এটা আমি জানি না। সাংবাদিকেরা আমাকে ফোন করেছেন, তখন জানতে পেরেছি। আমার কী দোষ, সেটাও তো জানি না। আমার কিছু বলার নেই।
এ ব্যাপারে কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি চারঘাটের নিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, আমরা সর্বসম্মতিক্রমে তাকে সাময়িক বরখাস্ত করেছি।
অভিযুক্ত শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, এটা দেওয়া হয়নি। তবে, তার আরও দোষ আছে।
এমআই/টিএ