© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন

শেয়ার করুন:
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: জামিন পাননি এনসিপি থেকে অব্যাহতি পাওয়া সালাউদ্দিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩০ এএম | ১৮ আগস্ট, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ায় ঘটনায় সাইবার সুরক্ষা আইনের মামলায় এনসিপি থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৭ আগস্ট) দুপুরে বগুড়া সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন। আদালত পুলিশের পরিদর্শক শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালতে তানভীরের পক্ষে জামিন আবেদন করেন বগুড়া জেলা এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আইনজীবী ইজাজ আল ওয়াসী। তিনি বলেন, ‘তানভীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এই আদেশে আমরা সংক্ষুব্ধ। ন্যায়বিচারের আশায় পরবর্তীতে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করবো।’

এনসিপি নেতার অভিযোগ, ফেসবুকে যে স্ট্যাটাসের ওপর ভিত্তি করে এই মামলা, সংশ্লিষ্ট আইডি ও মোবাইল ফোনটি এর মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী জব্দ করেছে। যার ফরেনসিক তদন্তের মাধ্যমেই সব তথ্য বেরিয়ে আসা সম্ভব। এমন পরিস্থিতিতে আসামিকে তিন দিনের রিমান্ডে নেওয়া ও জামিন না দেওয়া ন্যায়বিচারের পরিপন্থি।

তানভীরের দলীয় পদ ও অব্যাহতির বিষয়ে ইজাজ আল ওয়াসী বলেন, ‘তানভীরকে দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। গ্রেফতারের আগে তার কাছ থেকে মৌখিকভাবে যে ব্যাখ্যা পাওয়া গেছে, তাতে দলীয় নেতারা সন্তুষ্ট। তবে তিনি কারাগারে থাকায় আনুষ্ঠানিকভাবে লিখিত জবাব গ্রহণ করা সম্ভব হয়নি। লিখিত জবাব প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার ওপর থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করার সুযোগ নেই।’

গত ২ আগস্ট তানভীরের নামে বগুড়া সদর থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। মামলার তিন দিন পর ঢাকার মিরপুরের মণিপুরি পাড়ার একটি বাড়ি থেকে তানভীরকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

একই দিন তাকে বগুড়া আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। পরবর্তীতে ১০ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া সদর থানার এসআই মাসুদুর রহমান আসামির সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

২০২৫ সালের ২১ এপ্রিল জেলা প্রশাসক নিয়োগ বাণিজ্য ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠায় সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে অব্যাহতির আদেশ প্রত্যাহার করে নেওয়া হয়। প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির পর আবার তাকে অব্যাহতি দেওয়া হয়।

এমআর/টিএ  

মন্তব্য করুন