শাহজালাল বিমানবন্দরে লাগেজে মিলল ডামি পিস্তল, ৫০ রাউন্ড বুলেট ও একটি চাকু
ছবি: সংগৃহীত
০২:৩২ এএম | ১৮ আগস্ট, ২০২৬
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি লাগেজ থেকে খেলনা সদৃশ (ডামি) পিস্তল, ৫০ রাউন্ড বুলেট ও একটি চাকু উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস ও সংশ্লিষ্ট সংস্থার সদস্যরা অভিযান চালিয়ে এসব জব্দ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৭ জুলাই বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রোম থেকে ঢাকাগামী বিজি-৩৫৬ ফ্লাইটে দেশে আসেন যাত্রী আবুল বাশার। বিমানবন্দরে পৌঁছানোর পর তার একটি লাগেজ হারিয়ে যায়। পরে গত ১৫ আগস্ট বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০২ ফ্লাইটে ওই লাগেজটি ঢাকায় আসে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ সোমবার বিকেল ৪টার দিকে আবুল বাশার তার মিসিং লাগেজটি সংগ্রহ করে গ্রিন চ্যানেল-২ দিয়ে বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তাকে থামানো হয়।
পরে কাস্টমস প্রিভেন্টিভ টিম ও কাস্টমস সদস্যরা লাগেজটি স্ক্যান করেন। স্ক্যানিংয়ে পিস্তল সদৃশ একটি বস্তু দেখা গেলে লাগেজটি খুলে তল্লাশি করা হয়। তল্লাশিতে খেলনা সদৃশ একটি ডামি পিস্তল, ৫০ রাউন্ড বুলেট (গান পাউডার) এবং একটি চাকু পাওয়া যায়। পরে এসব পণ্য জব্দ করা হয়।
ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে জানা গেছে।
একেএস/টিএ