© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কমিশনের প্রস্তুতি শেষ হলে নির্ধারণ হবে কোন নির্বাচন আগে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

শেয়ার করুন:
কমিশনের প্রস্তুতি শেষ হলে নির্ধারণ হবে কোন নির্বাচন আগে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৮ পিএম | ১৮ আগস্ট, ২০২৬
চলতি অর্থবছরেই সিটি করপোরেশনসহ ৫টি নির্বাচন আয়োজন করতে যাচ্ছে সরকার। এসব নির্বাচন ঘিরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

এরই মধ্যে স্থানীয় সরকার বিভাগের নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বাজেটও ধরা হয়েছে। যদিও প্রথমে ইউনিয়ন পরিষদ নাকি পৌরসভা বা উপজেলা নির্বাচন হবে, সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। কমিশনের প্রস্তুতি শেষ হলে কোন নির্বাচন আগে হবে, তা নির্ধারণ করা হবে।
 
মঙ্গলবার সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ভাঙ্গা ব্রিজ এলাকায় মহাসড়কের সৌন্দর্যবর্ধনের কাজ পরিদর্শনে এসে এ কথা জানান প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন করা হবে। এসব নির্বাচন আয়োজন করতে সরকার বদ্ধপরিকর। প্রথম দিকে ইউনিয়ন পরিষদ নাকি পৌরসভা বা উপজেলা কোনটা আগে আসতে পারে সেটা সুনির্দিষ্টভাবে এখনই বলা সম্ভব নয়।

আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক বিষয়াবলী বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন ব্যবস্থাপনার সুবিধার্থে হয়তো স্থানীয় সরকারের যে প্রতিষ্ঠানের নির্বাচন শুরু করা হবে সেটা শেষ করা হবে। তবে এর মধ্যে আইনগত বাধ্যবাধকতার কারণে যদি আদালতের কোনো রায় বা নির্দেশনা থাকে, সেই বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হবে।

ঢাকা-আরিচা মহাসড়কের দীর্ঘদিনের ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে দেশের যেসব স্থানে ময়লা-আবর্জনা রয়েছে, সেগুলো পরিষ্কার করে বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরআই/টিএ

মন্তব্য করুন