© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট স্থগিত

শেয়ার করুন:
ইমাম-উলামাদের আপত্তিতে কিশোরগঞ্জে অ্যাশেজ ব্যান্ডের কনসার্ট স্থগিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:০৬ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ বুধবার (১৯ আগস্ট) ব্যান্ড 'অ্যাশেজ'-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের আপত্তি এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত করা হয়েছে।

জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়টি নিয়ে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তাদের অভিযোগ, কনসার্টে গান-বাজনার আয়োজন শরিয়তবিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের দাবি জানান।

কিশোরগঞ্জে শরিয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা। স্মারকলিপিতে বলা হয়, ১৯ আগস্ট কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা ও কনসার্টের আয়োজন করা হয়েছে। এতে গান-বাজনার মাধ্যমে ইসলামী শরিয়তবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেন ইমাম-উলামারা।




স্মারকলিপিতে তারা বলেন, অতীতে কিশোরগঞ্জের বিভিন্ন মাঠে প্রশাসনের অনুমতিতে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয়া হলেও স্থানীয় ধর্মপ্রাণ জনতা ও উলামায়ে কেরামের বিরোধিতার কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। এবারও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হলে ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ কারণে আগামী ১৯ আগস্ট পুরাতন স্টেডিয়ামে আয়োজিত কনসার্টটি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের প্রতি বিশেষ অনুরোধ জানান ইমাম-উলামারা। স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপার, জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং অন্যান্য সংশ্লিষ্ট দপ্তরেও দেয়া হয়েছে বলে জানান তারা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন কনসার্টটি স্থগিতের সিদ্ধান্ত নেয়।

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন মুঠোফোনে জানান, যে প্রতিষ্ঠানটি র‍্যাফেল ড্রসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের আবেদন করেছিল, তাদের কাগজপত্র যাচাই করে তাদের নিবন্ধন না থাকায় সেটির আবেদন বাতিল করা হয়েছে।

কনসার্ট স্থগিত হওয়ার বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে অ্যাশেজ ব্যান্ড। সেখানে তারা লিখেছে, প্রিয় কিশোরগঞ্জ! প্রশাসনের পক্ষ থেকে কিছু অনাকাঙিক্ষত কারণে আজকে পুরাতন স্টেডিয়ামে কনসার্ট স্থগিত করা হয়েছে। আশা করি আবার দেখা হবে।

এসএ/টিএ


মন্তব্য করুন