© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে শ্বশুর, সন্তান ও স্ত্রীসহ প্রাণ গেল বাংলাদেশি সাংবাদিকের

শেয়ার করুন:
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে শ্বশুর, সন্তান ও স্ত্রীসহ প্রাণ গেল বাংলাদেশি সাংবাদিকের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১৬ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্তসহ তার পরিবারের আরও ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন দেবাশীষের স্ত্রী আফসানা শিম্মিন, শিশুপুত্র স্বর্ণশিষ দত্ত এবং শ্বশুর মো. আকরাম আলী।

এদিকে দেবাশীষ দত্তের আড়ুয়াপাড়ার বাসায় গিয়ে দেখা গেছে, মা-সহ পরিবারের স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। লাশ গ্রহণ করার জন্য কলকাতায় রওনা হয়েছেন স্বজন ফিরোজ হোসেন।

সাংবাদিক দেবাশীষ দত্ত তার স্ত্রী, পুত্র ও শ্বশুরকে নিয়ে গত ২ আগস্ট চিকিৎসার জন্য ভারতে যান। আজ বুধবার (১৯ আগস্ট) তাদের বাংলাদেশে ফেরার কথা ছিল বলে তার একাধিক ঘনিষ্ঠ সহকর্মী নিশ্চিত করেছেন।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, নিউ মার্কেট এলাকার কাছে মির্জা গালিব স্ট্রিটের ১৫-এইচ নম্বর ভবনের আবাসিক হোটেলে গতরাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট, পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের কর্মীরা দ্রুত উদ্ধার অভিযানে যোগ দেন। দমকলকর্মীরা ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করেন এবং আহতদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়।

পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা জানান, ঘন কালো ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের ওপরের তলাগুলোতে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। আগুনের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। প্রাথমিক প্রতিবেদনের ভিত্তিতে এনডিটিভি জানিয়েছে, এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত কোনো কারণ জানায়নি।

মন্তব্য করুন