© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতি নির্বাচনে যে ছয় এমপি ভোট দেননি

শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচনে যে ছয় এমপি ভোট দেননি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪০ পিএম | ২০ আগস্ট, ২০২৬

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদের ছয়জন সদস্য ভোট দেননি। সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, ভোট না দেওয়া সদস্যদের মধ্যে বিএনপির তিনজন, জামায়াতের একজন, খেলাফত মজলিসের একজন এবং একজন স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যরা সরাসরি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করেন।

ভোট না দেওয়া বিএনপির তিন এমপি হলেন— মির্জা আব্বাস, ওসমান ফারুক ও মোস্তফা কামাল পাশা। এ ছাড়া, জামায়াতের বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, খেলাফত মজলিসের আবুল হাসান এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ভোট দেননি।

সংসদ সচিবালয় সূত্র জানায়, বিএনপির সংসদ সদস্য মির্জা আব্বাস চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় ভোট দিতে পারবেন না— এ কথা জানিয়ে জাতীয় সংসদের স্পিকারকে চিঠি দিয়েছিলেন। ফলে তিনি ভোটগ্রহণে উপস্থিত ছিলেন না। অন্য পাঁচ সংসদ সদস্যের ভোট না দেওয়ার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।

বাংলাদেশে সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল ৩৫ বছর আগে। দীর্ঘ সময় পর এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় নির্বাচনটি রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব পেয়েছে।

এসএন 

মন্তব্য করুন