© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই ৬ বছরের ছাত্রের মৃত্যু

শেয়ার করুন:
হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়, শ্রেণিকক্ষেই ৬ বছরের ছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৩ এএম | ২১ আগস্ট, ২০২৬
ভারতের অন্ধ্রপ্রদেশের রাজধানী বিশাখাপত্তনমে হোমওয়ার্ক না করায় শিক্ষকের চড়ের আঘাতে শ্রেণিকক্ষেই ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুমানিক সকাল ৯টার দিকে ওয়ান টাউন এলাকায় স্থানীয় ‘লিটল গার্ডেনস স্কুল’-এ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। খবর এনডিটিভির।

নিহত শিশুটির নাম প্রণয় তেজা, সে ওই স্কুলের প্রাক-প্রাথমিক শ্রেণির (ইউকেজি) শিক্ষার্থী ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শিশুটি আগের দিনের হোমওয়ার্ক না করায় এবং প্রশ্নের উত্তর না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই নারী শিক্ষক। এক পর্যায়ে তিনি শিশুটিকে চড় মারেন এবং ক্লাসের সবার সামনে তাকে লজ্জিত করার চেষ্টা করেন।

ভারতকে অপছন্দ করা বাংলাদেশির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে
শ্রেণিকক্ষের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ওই নারী শিক্ষক শিশুটির জামা টেনে ধরছেন এবং তাকে চড় মারছেন। চড় মারার পরপরই শিশুটি জ্ঞান হারিয়ে প্রথমে শিক্ষকের গায়ের ওপর ঢলে পড়ে এবং পরে মেঝেতে পড়ে যায়।

শিশুটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় কিং জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে ‘ব্রট ডেড’ বা মৃত অবস্থায় আনা হয়েছে বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, তীব্র আতঙ্ক বা আঘাতের কারণে শিশুটি হার্ট অ্যাটাক বা শ্বাসরোধ হয়ে মারা গিয়ে থাকতে পারে।

এ ঘটনায় বিশাখাপত্তনম পুলিশ এই ঘটনায় একটি মামলা দায়ের করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এফআর/এসএন

মন্তব্য করুন