‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ জানিয়ে পদত্যাগ করা সেই বিএনপি নেতা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১০:২৪ পিএম | ২৬ নভেম্বর, ২০২৬
ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ প্রকাশ করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বোরহান মাহমুদ। এর দুই দিন পর চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। চেক প্রতারণার মামলায় এক বছরের কারাদণ্ড হওয়ার প্রায় চার বছর পর তার বিরুদ্ধে এ অভিযান চালানো হলো।
এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সংবলিত একটি ফটোকার্ড প্রকাশ করে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন বোরহান।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে ফরিদপুর আদালতে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর বোরহান মাহমুদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সাজা হওয়ার পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
বোয়ালমারী থানা-পুলিশের একটি দল মধুখালী থানা-পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন বোয়ালমারী থানার জয়েনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান। তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মধুখালী থেকে বোরহানকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে বিএনপি থেকে পদত্যাগের পেছনের কারণ হিসেবে দলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বোরহান। তার দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাদপুর ইউনিয়নের বহিষ্কৃত সহসভাপতি ও স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক করে অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ বলে আখ্যা দেন। এর প্রতিবাদেই তিনি দলীয় পদ ছেড়েছেন।
তবে বোরহানের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা জানিয়েছেন সঞ্জয় সাহা। সাংবাদিকদের কাছে তিনি দাবি করেন, তিন-চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানীর দুই যুবককে আটকে রেখে তাদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে তাদের কাছ থেকে ৮৫ হাজার টাকা নেওয়া হয়।
সঞ্জয় সাহার অভিযোগ, সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান। টাকা না দিলে ইটভাটা বন্ধ করে দেওয়ার হুমকিও দেন তিনি।
এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের ছবি নামিয়ে ফেলার অভিযোগও করেন সঞ্জয় সাহা। তার দাবি, সর্বশেষ গত রোববার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে এক লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান।
অন্যদিকে বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে নিজের দূরত্বের কথা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বোরহান কিছুদিন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে সম্প্রতি বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় তাকে নিজের সঙ্গে থাকতে নিষেধ করা হয়েছিল।
গ্রেফতারের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসা থেকে ফেসবুকে এক মিনিটের একটি ভিডিও বার্তা প্রকাশ করেন বোরহান। সেখানে তিনি অভিযোগ করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। সন্তানসম্ভবা স্ত্রী ও অসুস্থ মা বাসায় থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলেও দাবি করেন তিনি।
ভিডিও বার্তায় বোরহান আরও বলেন, কারাগার থেকে বের হয়ে খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেবেন। পাশাপাশি ফরিদপুর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দেন তিনি।
এমআর/