অন্যের জমি দখল শুধু মানুষের নয়, ঈশ্বরের আইনেরও লঙ্ঘন: ইসরায়েলিদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত
১২:০৬ পিএম | ২১ আগস্ট, ২০২৬
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও বসতবাড়ি দখলের বিরুদ্ধে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কড়া ভাষায় সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি স্পষ্ট জানিয়েছেন, অন্যের জমি জোরপূর্বক দখল করে বৈধ বাসিন্দাদের উচ্ছেদ করা কেবল মানবসৃষ্ট আইনের পরিপন্থী নয়, এটি স্বয়ং ঈশ্বরের আইনেরও চরম লঙ্ঘন।
সম্প্রতি পশ্চিম তীরের কুসরা গ্রামে মার্কিন-ফিলিস্তিনি নাগরিক লুই আবু রিদির বাড়িসহ বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়ি অবরোধ করে রাখে কট্টরপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার এক বিবৃতিতে হাকাবি এ হুশিয়ারি উচ্চারণ করেন।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিষয়টি ব্যাখ্যা করে হাকাবি ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থের 'দশ আজ্ঞা' স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, 'তুমি চুরি করবে না এবং অন্যের সম্পত্তির প্রতি লোভ করবে না।' তিনি জোর দিয়ে বলেন, 'যদি কেউ জমির ও বাড়ির মালিক হন, তাহলে অন্য কেউ এসে তা দখল করে নিলে এবং পরিবারটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিলে তা অমার্জনীয় অপরাধ। যা আপনার নয়, তা আপনি নেবেন না।'
মার্কিন রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন যে, এই কড়া বার্তাটি কেবল বর্তমান মার্কিন প্রশাসনের নয়, বরং এটি মৌলিক সৌজন্যবোধ ও সভ্য আচরণের একটি সার্বজনীন নীতি। কুসরায় ঘটে যাওয়া ঘটনায় যুক্তরাষ্ট্র স্তম্ভিত উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের ইসরায়েলেও কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে, ফিলিস্তিনিদের ওপর এমন সহিংসতা বৃদ্ধির পাশাপাশি পশ্চিম তীরের বিতর্কিত ই-১ এলাকায় নতুন করে ইসরায়েলি নির্মাণ পরিকল্পনারও তীব্র নিন্দা জানিয়েছে সাতটি পশ্চিমা দেশ। সব মিলিয়ে এই অঞ্চলে জোরপূর্বক দখলদারিত্ব ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সম্প্রদায়।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল
এফআর/টিএ