© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

শেয়ার করুন:
কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩৪ পিএম | ২১ আগস্ট, ২০২৬
কাতারের কাছে প্রায় ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আকাশে জ্বালানি সরবরাহকারী চারটি পর্যন্ত কেসি-৪৬-এ বিমান এবং এসব বিমানের জন্য বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের বৃহস্পতিবারের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতার চারটি পর্যন্ত কেসি-৪৬এ বিমান কেনার পাশাপাশি আটটি পিডাব্লিউ৪০৬২ টার্বোফ্যান ইঞ্জিন, ১০টি এএন/এএলআর-৬৯এ রাডার সতর্কীকরণ ব্যবস্থা, ১৫টি গার্ডিয়ান লেজার ট্রান্সমিটার এবং আটটি এলএআইআরসিএম সিস্টেম প্রসেসর কেনার অনুরোধ করেছে। চুক্তিতে বিমানের জন্য বিভিন্ন সহায়ক সরঞ্জাম ও সেবা, পরিবহন, প্রশিক্ষণ এবং অন্যান্য লজিস্টিক সহায়তাও থাকবে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রয় কাতারের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াবে। একই সঙ্গে মার্কিন ও মিত্র বাহিনীর সঙ্গে কাতারের সামরিক সমন্বয়ও বাড়বে।

এর মাধ্যমে দেশটি বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবেলায় আরো সক্ষম হবে।

বিজ্ঞপ্তিতে কাতারকে যুক্তরাষ্ট্রের একটি ‘কৌশলগত আঞ্চলিক অংশীদার’ হিসেবে উল্লেখ করা হয়েছে। মার্কিন সরকারের মতে, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রেও কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সম্ভাব্য এই চুক্তির প্রধান মার্কিন ঠিকাদারদের মধ্যে রয়েছে বোয়িং, প্র্যাট অ্যান্ড হুইটনি মিলিটারি ইঞ্জিনস, আরটিএক্স করপোরেশন ও নর্থরপ গ্রুম্যান।

কেসি-৪৬এ বিমানটি আকাশে অন্য বিমানকে জ্বালানি সরবরাহ করতে পারে। পাশাপাশি এতে কার্গো পরিবহন ও জরুরি চিকিৎসা স্থানান্তরের সুবিধাও রয়েছে। এটি পুরনো কেসি-১৩৫ বিমানের তুলনায় আরো উন্নত সক্ষমতার বিমান।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবহারের জন্য কাতারের দেওয়া একটি বিমান নিয়ে নিরাপত্তা নিয়ে প্রশ্নের মধ্যেই এই সামরিক সরঞ্জাম বিক্রির ঘোষণা এলো। ট্রাম্প জুলাই থেকে ওই নতুন জেটটি ব্যবহার শুরু করেছেন এবং বিমানটি উন্নত করতে এর সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগানোর কথা বলেছেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন