কলকাতার অগ্নিকাণ্ডনিউমার্কেটের সেই হোটেল মালিক গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
১১:৩১ পিএম | ২২ আগস্ট, ২০২৬
ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৯ জনের মৃত্যুর ঘটনার তিনদিন পরে কলকাতার ‘শিখা ইন’ হোটেলের মালিক বীরেশ্বর মিত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ (শনিবার, ২২ আগস্ট) দক্ষিণ কলকাতার বেহালার ডায়মন্ড হারবার রোডের একটি ফ্ল্যাটের ভিতর থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
জানা গেছে, ওই ফ্ল্যাটটি তার বাবা বিমল মোহন মিত্রেরর নামে ছিল। গত মঙ্গলবার ভয়াবহ ওই দুর্ঘটনার পর থেকে সেখানেই আত্মগোপন করেছিলেন বীরেশ্বর।
ঘটনার পর থেকে ৪৬ বছর বয়সী বীরেশ্বরের খোঁজে শহরের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হলেও তিনি কার্যত অধরাই ছিল। এমনকি ঘটনার পরদিন থেকেই তার ফোনটিও বন্ধ ছিল।
ইতিমধ্যেই শিখা ইন হোটেলের ইজারাদার হিসাবে নিবন্ধিত আবু জাফরকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসা করেই এই বীরেশ্বরের খোঁজ পাওয়া যায়।
তবে শুধু ‘শিখা ইন’ নয় নিউমার্কেটের আরেকটি হোটেলের মালিকও ছিলেন এই বীরেশ্বর। সেটিও বেআইনিভাবে চলছিল বলে অভিযোগ উঠেছে।
আরআই/টিএ