রোমাঞ্চকর জয়ে মৌসুম শুরু রিয়াল মাদ্রিদের
ছবি: সংগৃহীত
০৮:৪৯ এএম | ২৩ আগস্ট, ২০২৬
রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে লা লিগায় জোসে মরিনিয়োর দ্বিতীয় অধ্যায় কষ্টার্জিত জয়ে শুরু হলো। নতুন মৌসুম শুরুর আগে দলে যোগ দেয়া কার্লোস এস্পি ৯০তম মিনিটে গোল করে এস্পানিওলের বিপক্ষে মাদ্রিদকে ২-১ ব্যবধানে জয় এনে দিলেন।
১৩ বছর পর এই গ্রীষ্মে দ্বিতীয়বারের মতো মাদ্রিদের দায়িত্ব নেওয়া পর্তুগিজ কোচের অধীনে দলের প্রথম ম্যাচটি হতাশাজনকভাবে শেষ হতে যাচ্ছিল।
বার্সেলোনায় অনুষ্ঠিত ম্যাচে ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম নবম মিনিটে হেড করে মাদ্রিদকে এগিয়ে দেন। কিন্তু ৩০ মিনিটের সময় কালা গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান। এরপর ড্রয়ের দিকেও এগুচ্ছিল ম্যাচটি।
কিন্তু ঘড়ির কাঁটা যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই কিলিয়ান এমবাপ্পে বল হারানোর পর সুযোগ কাজে লাগান এস্পি। মার্কো দিমিত্রোভিচকে পরাস্ত করে তিনি গোল করেন। ম্যাচে বদলি হিসেবে নামার মাত্র ১০ মিনিট পর এটিই ছিল এস্পির মাদ্রিদের হয়ে লা লিগায় প্রথম গোল।

২১ বছর বয়সী এস্পি গত মৌসুমে লা লিগার অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, মাদ্রিদ তাকে লেভান্তে থেকে ২৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনেছে।
এই গোলটি গত ২৭ ফেব্রুয়ারির পর লা লিগায় এস্পির ১১তম গোল। এই সময়সীমায় লিগের অন্য কোনো খেলোয়াড় এত বেশি গোল করতে পারেননি।
মরিনিয়ো এদিন মার্ক কুকুরেয়া, ডেনজেল ডামফ্রিস এবং বের্নার্দো সিলভাকে মাদ্রিদের হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ দেন।
২০০৯ সালের পর এবারই প্রথম মাদ্রিদ তাদের লা লিগার উদ্বোধনী ম্যাচে একসঙ্গে তিনজন খেলোয়াড়কে একসঙ্গে শুরুর একাদশে অভিষেক করিয়েছে। ২০০৯ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো, কাকা ও করিম বেনজেমা মাদ্রিদের হয়ে অভিষেক করেছিলেন।
আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়োমান্দেও মাদ্রিদের হয়ে অভিষেক করেন। আরবি লাইপজিগ থেকে তাকে এই গ্রীষ্মে ক্লাবটির সবচেয়ে বড় অঙ্কের নতুন সাইনিং হিসেবে আনা হয়েছে। প্রাথমিকভাবে তার জন্য ১২৫ মিলিয়ন ইউরো খরচ হয়েছে।
৬৪তম মিনিটে আরদা গুলের বদলি হিসেবে মাঠে নামেন দিয়োমান্দে।
এমআর/টিএ