© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘৪০-৫০ বছরে ক্রিকেটে উসমান খাজার মতো বড় বিশ্বাসঘাতক দেখিনি’

শেয়ার করুন:
‘৪০-৫০ বছরে ক্রিকেটে উসমান খাজার মতো বড় বিশ্বাসঘাতক দেখিনি’

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫৯ পিএম | ২০ নভেম্বর, ২০২৬
স্যান্ডপেপারগেট কাণ্ডের কথা পুরো অস্ট্রেলিয়া দলই আগে থেকে জানত বলে বিস্ফোরক দাবি নিয়ে হাজির হয়েছিলেন উসমান খাজা। সাবেক এই তারকা ব্যাটারের সেই দাবির পর পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্ক চলছে। এবার খাজাকে ক্রিকেটে দেখা সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলে মন্তব্য করেছেন সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার ফ্যানি ডি ভিলিয়ার্স।

পার্থের ৯১.৩ স্পোর্টএফএমকে দেওয়া সাক্ষাৎকারে ফ্যানি ডি ভিলিয়ার্স বলেন, নিজের বইয়ে পুরোনো বিতর্ক আবার সামনে এনে খাজা ‘আচরণবিধির প্রতিটি নিয়ম ভেঙেছেন’। এর আগে স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা ধরা পড়ার পেছনে বড় ভূমিকা ছিল দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটারের। ২০১৮ সালে কেপটাউন টেস্ট চলাকালে তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন। বলের অস্বাভাবিক রিভার্স সুইং দেখে অজি খেলোয়াড়দের দিকে ক্যামেরা তাক করে রাখতে বলেছিলেন ফ্যানি ডি ভিলিয়ার্স।

১৯৯৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ডানহাতি এই পেসারের। ওই ম্যাচে ডি ভিলিয়ার্স ১২৩ রানে ১০ উইকেট শিকার করেছিলেন। খাজার প্রতি আক্রোশ প্রকাশ করে ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি রেকর্ডে রাখতে চাই, আমার মনে হয় গত ৪০-৫০ বছরে খেলা দেখতে গিয়ে উসমান খাজার মতো বড় বিশ্বাসঘাতক আর কাউকে দেখিনি।’

এরপর নিজের কথার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘একজন মানুষের পক্ষে যত ধরনের আচরণবিধি ভাঙা সম্ভব, সে সবই ভেঙেছে। নিজের সতীর্থদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। বিষয়টি ঠিক না ভুল, সেটা এখন আর আলোচ্য নয়। ভুলের বিচার আগেই হয়েছে। অস্ট্রেলীয় ক্রিকেটে বিষয়টির নিষ্পত্তিও হয়েছিল। যে ঘটনাটি ঘটেছিল, এটা দুঃখজনক। কিন্তু এই লোকটি সবকিছু আবার সামনে নিয়ে এসেছে।’

‘এর মাধ্যমে আবারও অস্ট্রেলীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, বন্ধুত্ব নষ্ট করেছে, দলের ভেতরের আচরণবিধি ভেঙেছে। ভুল করা যায়, এমন সবকিছুই সে করেছে। সে তার সতীর্থদের বিক্রি করে দিয়েছে’, আরও যোগ করেন ফ্যানি ডি ভিলিয়ার্স।

এর আগে উসমান খাজা নিজের আত্মজীবনী ‘সবর’-এ পরপর দুই টেস্টেই স্যান্ডপেপার ব্যবহারের কথা জানান। ওই ঘটনায় ক্যামেরন ব্যানক্রফট, তৎকালীন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার শাস্তি পেলেও, বিষয়টি পুরো দলই জানত বলে দাবি খাজার। তার ওই দাবিকে সমর্থন জানিয়ে প্রথমে কথা বলেন ওয়ার্নার। এরপর প্রায় চার হাজার শব্দের লেখায় সেই সুরে নিজের বক্তব্য জানিয়েছেন ব্যানক্রফটও। তবে মাঝে অজি তারকা প্যাট কামিন্স জানান, তারা মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার ঘটনা জানতেন না এবং খাজার দাবি পুরোপুরি মিথ্যা!

এমআই/

মন্তব্য করুন