শত ক্লান্তির মাঝেও হিনাকে দেয়া কথা রেখেছিলেন শাহরুখ
ছবি: সংগৃহীত
০২:৪৪ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
শাহরুখ খানের বিনয়ী ও সৌজন্যপূর্ণ আচরণের প্রশংসা বহুবার শোনা গেছে সহশিল্পীদের মুখে। এবার সেই তালিকায় যুক্ত হলেন টেলিভিশন তারকা হিনা খান।
সম্প্রতি এক পডকাস্ট অনুষ্ঠানে এসে বলিউডের এই শীর্ষ তারকার সঙ্গে নিজের প্রথম সাক্ষাতের অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি।
অভিনয়জীবনের একেবারে শুরুর দিকের স্মৃতি মনে করে হিনা জানান, ‘ইয়ে রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’ সিরিয়ালের শুটিং শুরু হওয়ার প্রায় দেড় বছর পর একটি বিমানে শাহরুখ খানের সঙ্গে তার প্রথম দেখা হয়। নিজের পাশের আসনেই শাহরুখকে ঘুমাতে দেখে প্রথমে নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলেন না হিনা।
হিনা জানান, ছবি তোলার উদ্দেশ্যে তিনি মুখিয়ে ছিলেন।

মাঝে শাহরুখ কফি খাওয়ার জন্য ঘুম থেকে উঠলে হিনা একটি ছবির অনুরোধ করেন। শাহরুখ তখন তাকে অপেক্ষা করতে বলেন এবং ছবি তোলার প্রতিশ্রুতি দেন। তবে কফি শেষ করে অভিনেতা আবারও ঘুমিয়ে পড়েন। ক্রমাগত ছবির প্রচারণায় ব্যস্ত থাকায় চরম ক্লান্তির মধ্য দিয়ে যাচ্ছিলেন শাহরুখ।
হিনা ভেবেছিলেন সুযোগটি হয়তো হাতছাড়া হয়ে গেল, কিন্তু বিমান অবতরণের পর ঘুম থেকে উঠে শাহরুখ নিজেই হিনাকে ডেকে তুলে ছবি তোলেন।
হিনা খান শাহরুখের এমন আন্তরিকতার প্রশংসা করে বলেন, চরম ক্লান্তি থাকা সত্ত্বেও তিনি নিজের কথা রেখেছিলেন। উল্লেখ্য, শাহরুখ খান বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন, যেখানে তার সঙ্গে দেখা যাবে মেয়ে সুহানা খানকেও।
এসএন