শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন মিষ্টি জান্নাত
ছবি: সংগৃহীত
০৪:২৭ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
শাকিব খানকে নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ঢালিউডের এই সুপারস্টারের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং বন্ধুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। আগের কিছু মন্তব্যের পেছনে শাকিবের ওপর নিজের অভিমান কাজ করেছিল বলে স্বীকার করেছেন এই নায়িকা।
তবে শাকিবের সঙ্গে তার সম্পর্কের বিষয়ে বারবার প্রশ্ন করাকে একপর্যায়ে ‘বোকামি’ বলেও মন্তব্য করেছেন তিনি।
রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’-এর তৃতীয় আসরে অংশ নেন মিষ্টি জান্নাত। অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাকিব খানকে নিয়ে এসব কথা বলেন তিনি।
মিষ্টি জান্নাত বলেন, ‘শাকিব আমাকে বলেছে, তুমি আমার নামে এ রকম উদ্ভট কিছু বলো না। আমি চাই না তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক। কারণ আমাদের খুবই ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব। ওই সময় তার ওপর আমার একটু রাগ ছিল। সে কারণেই অনেক কিছু বলে ফেলেছি।’

শাকিবকে নিয়ে কথা বলে আলোচনায় আসার কোনো ইচ্ছা নেই জানিয়ে মিষ্টি বলেন, ‘আমি শাকিব খানকে কেন বিক্রি করব? আপনারা হয়তো শাকিবের সঙ্গে আমাকে দেখতে ভালোবাসেন। দর্শকও আমার সঙ্গে শাকিবকে দেখতে ভালোবাসে। আর না করার কী আছে? একটা কিছু না হলে নিশ্চয়ই আমাকে বাসায় দাওয়াত দিতেন না, তার মা আমার জন্য খাবার রান্না করতেন না। তিনি আমার সঙ্গে ফ্লাইটে আসতেন না, হাত ধরে ছবি তোলা হতো না। সবকিছুই তো মিথ্যা নয়।’
শাকিব খানের ব্যক্তিত্বের প্রশংসা করে এই অভিনেত্রী আরও বলেন, ‘তিনি মানুষকে সম্মান করতে জানেন। তাঁর কাছ থেকে শিখেছি, মানুষের সামনে কারও সমালোচনা করা উচিত নয়। সবার সঙ্গে সৌজন্য বজায় রাখতে হয়। এত বছর ধরে নিজের স্টারডম ধরে রাখাও অনেক কঠিন ব্যাপার।’
ক্যারিয়ারের কঠিন সময়েও শাকিবের কাছ থেকে অনুপ্রেরণা পাওয়ার কথা জানিয়েছেন মিষ্টি। তার ভাষ্য, একসময় সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। তখন শাকিব খানের ক্যারিয়ারের একটি কঠিন সময়ের কথা মনে পড়ে। সে সময় আবার নতুন করে শুরু করার প্রত্যয় জানিয়েছিলেন শাকিব। সেই ঘটনা থেকে অনুপ্রেরণা পেয়েছেন মিষ্টি। তার কথায়, মাঝপথে থেমে না গিয়ে আবারও শুরু করা সম্ভব।
এদিকে বিয়ে ও সন্তান নিয়ে প্রশ্নের জবাবেও নিজের অবস্থান পরিষ্কার করেন মিষ্টি জান্নাত। এ ধরনের পরিস্থিতিতে কান্নাকাটি করার মানুষ তিনি নন বলে মন্তব্য করেন। বিয়ে বা সন্তান নিয়ে কোনো ধরনের গুঞ্জনেও আগ্রহী নন তিনি।
নিজের বর্তমান শারীরিক গঠন নিয়েও মজা করে বলেন, তাকে দেখে বিবাহিত মনে হচ্ছে কি না, সেটি সাংবাদিকদেরই বিচার করতে হবে।
উল্লেখ্য, গত সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে র্যাম্পে হাঁটার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান মিষ্টি জান্নাত। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি বাসাতেই আছেন।
এসএ/