যমজ কন্যাসন্তানের মা হলেন অভিনেত্রী আনুশকা, প্রকাশ করলেন মেয়েদের নামও
ছবি: সংগৃহীত
০৮:১১ পিএম | ২৪ আগস্ট, ২০২৬
দ্বিগুণ আনন্দে ভাসছেন বলিউড অভিনেতা আদিত্য সিল ও অভিনেত্রী আনুশকা রঞ্জন। যমজ কন্যাসন্তানের মা-বাবা হয়েছেন এই তারকা দম্পতি।
গত ২৩ আগস্ট তাদের জীবনে এসেছে দুই নতুন অতিথি। সামাজিক মাধ্যমে সুখবরটি জানিয়ে নবজাতক দুই মেয়ের নামও প্রকাশ করেছেন তারা। আদিত্য ও আনুশকা তাঁদের যমজ কন্যাসন্তানের নাম রেখেছেন বীরা রঞ্জন সীল ও মাহী রঞ্জন সীল। সুখবর জানাতে সামাজিক মাধ্যমে একটি বিশেষ কার্ড প্রকাশ করেছেন তারা। সেখানে দুই শিশুর ছবি ও নামের পাশাপাশি জন্মের তারিখও উল্লেখ করা হয়েছে।
নতুন সদস্যদের আগমনে আনন্দ ও কৃতজ্ঞতার কথা জানিয়ে নিজেদের একটি ‘প্রচণ্ড উত্তেজিত’ পরিবার হিসেবেও উল্লেখ করেছেন এই দম্পতি।
সন্তানদের উদ্দেশে আদিত্য লিখেছেন, ‘আমাদের জীবন আরো উজ্জ্বল করতে দুই-একরত্তি হাজির। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় পরিপূর্ণ। বীরা ও মাহী।’
চলতি বছরের শুরুতেই মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশ করে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন আনুশকা। নতুন সদস্যের অপেক্ষায় তখন থেকেই জীবনের নতুন এক অধ্যায়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ও আদিত্য।

এর আগে চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে আনুশকা জানিয়েছিলেন, অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর প্রকাশ্যে আনতে তারা কিছুটা সময় নিয়েছিলেন। বিয়ের খবর প্রকাশের চেয়েও সন্তান আসার খবর জানানো নিয়ে বেশি উদ্বিগ্ন ছিলেন বলে সে সময় জানান অভিনেত্রী।
নিজেদের ইউটিউব চ্যানেলেও মা হওয়ার পথচলার নানা অভিজ্ঞতা তুলে ধরেছিলেন আনুশকা। বিশেষ করে আইভিএফ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার কঠিন সময়ের কথাও তিনি ভাগ করে নেন। সেই সময়ে স্বামী আদিত্যের কাছ থেকে পাওয়া নিরন্তর সহযোগিতার কথাও জানিয়েছিলেন অভিনেত্রী।
আনুশকার ভাষ্য অনুযায়ী, আইভিএফ প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁকে অন্তত ১৫০টি ইনজেকশন নিতে হয়েছিল। অনেক সময় যন্ত্রণায় কেঁদেও ফেলতেন তিনি। পরিবার শুরু করার পরিকল্পনা তাঁরা করেছিলেন ২০২৩ সাল থেকেই। পরে আনুশকার বোন আকাঙ্ক্ষা রঞ্জন তাঁকে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে উৎসাহিত করেন।
আদিত্য ও আনুশকার পরিচয় ২০১৭ সালের ২৬ জুন। আনুশকার স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজিত একটি অনুষ্ঠানে প্রথম দেখা হয় তাঁদের। সেই পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।
কয়েক বছর প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন আদিত্য সিল ও আনুশকা রঞ্জন। এবার যমজ কন্যাসন্তানের আগমনে তাঁদের সংসারে যোগ হলো নতুন আনন্দের অধ্যায়।
এমআই/টিএ