দীর্ঘদিনের সহকর্মী 'বডি ডাবল' পারভেজের চিকিৎসার দায়িত্ব নিলেন সালমান
ছবি: সংগৃহীত
০৯:৪১ পিএম | ২৫ আগস্ট, ২০২৬
দীর্ঘদিনের সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানোর নজির ফের গড়লেন বলিউড তারকা সালমান খান। এবার তার দীর্ঘদিনের ‘বডি ডাবল’ পারভেজ কাজী অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার দায়িত্ব নিয়েছেন এই অভিনেতা।
চলতি মাসের শুরুতে হৃদ্যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার হয়েছে পারভেজের। অস্ত্রোপচারের পর তার প্রয়োজনীয় চিকিৎসা ও অন্যান্য সহায়তা ঠিকভাবে হচ্ছে কি না, সে বিষয়েও ব্যক্তিগতভাবে খোঁজখবর রেখেছেন সালমান।
ভারতীয় বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, গত ৬ আগস্ট বাড়িতেই অসুস্থ হয়ে পড়েন পারভেজ। প্রথম দিকে খবর ছড়িয়ে পড়ে, সিনেমার সেটে কাজ করার সময় হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন তিনি।
তবে পরে তার সহকারী পীযূষ বিষয়টি পরিষ্কার করেন। তার ভাষ্য অনুযায়ী, ঘটনাটি কোনো শুটিং সেটে ঘটেনি। অসুস্থ বোধ করার পর পারভেজ চিকিৎসকের কাছে যান এবং প্রয়োজনীয় কয়েকটি পরীক্ষা করান। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানেই চিকিৎসকরা তার হৃদ্যন্ত্রে ছোট একটি অস্ত্রোপচার করেন। পারভেজের অসুস্থতার খবর পাওয়ার পরপরই সাহায্যের হাত বাড়িয়ে দেন সালমান। তার চিকিৎসা ঠিকভাবে হচ্ছে কি না, পুরো বিষয়টি ব্যক্তিগতভাবেও নিশ্চিত করেন অভিনেতা।
পীযূষ বলেন, ‘গোটা সময়টা তিনি আমাদের সঙ্গেই ছিলেন। সালমান স্যার নিজের ভাইয়ের মতো দেখেন পারভেজ স্যারকে। সঙ্গে সঙ্গে সাহায্য করেন তিনি।’ বর্তমানে পারভেজের শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানা গেছে। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছেন তিনি। কঠিন এই সময়ে সালমানের সহযোগিতা ও পাশে থাকার জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পারভেজ।
পারভেজের অসুস্থতার ঘটনায় সাময়িকভাবে সালমানের আসন্ন প্যান-ইন্ডিয়া অ্যাকশন সিনেমার শুটিং নিয়েও কিছুটা উদ্বেগ তৈরি হয়েছিল। বিভিন্ন প্রতিবেদনে ছবিটির সম্ভাব্য নাম ‘মনস্টার’ বলে উল্লেখ করা হয়েছে।
পারভেজ কিছুদিন কাজ থেকে বিরত থাকায় সালমানকে কয়েকটি অ্যাকশন দৃশ্য নিজেকেই করতে হতে পারে বলেও আলোচনা ছড়ায়। তবে শোনা যাচ্ছে, প্রয়োজনীয় বিশ্রাম শেষে দ্রুতই শুটিং সেটে ফিরতে পারেন পারভেজ। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে স্টান্ট দৃশ্যের শুটিং সূচিতেও কিছু পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে।
সেটে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টিতে বাড়তি সতর্কতা অবলম্বনের পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। সালমান খানের দীর্ঘদিনের ‘বডি ডাবল’ হিসেবে কাজ করছেন পারভেজ কাজী। ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘রেস ৩’ ও ‘দাবাং ৩’-এর মতো একাধিক সিনেমায় সালমানের সঙ্গে কাজ করেছেন তিনি।
এসএ/টিএ