পাওনা টাকা নিতে গিয়ে ‘সর্বনাশ’ ডাকলেন নারী
ছবি: সংগৃহীত
০৯:৪২ এএম | ২৬ আগস্ট, ২০২৬
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় কারখানা থেকে সার্ভিস (রিজাইন) বেনিফিটের টাকা কারখানা থেকে উঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নারী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে শ্রমিক নেতা শফিউল আলমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ভুক্তভোগী নারী বাসন থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে শ্রমিক নেতা শফিউল আলমকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার শফিউল আলম লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার চন্ডিমারী গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগর কমিটির সভাপতি।
ভুক্তভোগী নারী পোশাক শ্রমিক জানান, গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকায় কেয়া কসমেটিকস লিমিটেডে পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে চাকরি করেছেন। নিয়মিত বেতন-ভাতা না পাওয়ায় শ্রম আইন মেনে চাকরি থেকে অব্যাহতি (রিজাইন) দেন। কারখানা থেকে তার সার্ভিস (রিজাইন) বেনিফিটের পাওনা পরিশোধ করবনি কর্তৃপক্ষ।
কেয়া কসমেটিকস কারখানা থেকে সার্ভিস বেনিফিটের টাকা আদায়ের জন্য তিনি শ্রমিক নেতা শফিউল আলমের কাছে লিখিত অভিযোগ করেন।
রোববার (২৩ আগস্ট) রাত ৯টার দিকে শফিউল নারী শ্রমিকের মুঠোফোনে কল দিয়ে জানান ওই নারী শ্রমিকের সার্ভিস বেনিফিটের পাওনা কারখানা থেকে উঠিয়েছেন। পরে চান্দনা চৌরাস্তার অফিস থেকে নারী শ্রমিকের টাকা নেওয়ার জন্য শ্রমিক নেতার কার্যালয় যাওয়ার জন্য বলেন।
নারী পোশাক শ্রমিক ওইদিন রাত সোয়া ৯টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কার্যালয়ে যান। সেখানে পৌঁছলে শ্রমিক নেতা শফিউল তাকে জাপটে ধরেন।
এক পর্যায়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে নারী শ্রমিক ডাক-চিৎকার করলে শফিউল তার গলায় চেপে ধরেন এবং ঘটনার বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকির ভয় দেখান। পরে তাকে শ্রমিক নেতার কার্যালয় থেকে বের করে দেওয়া হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-আর রশীদ জানান, নারী পোশাক শ্রমিকের লিখিত আবেদনের প্রেক্ষিতে ধর্ষণ মামলা হয়েছে। পরে চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে আসামি শফিউল আলমকে গ্রেপ্তার করা হয়।
এফআর/এসএন