© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি

শেয়ার করুন:
ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা: নরেন্দ্র মোদি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৪৮ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম এবং ওফাতের স্মৃতিবিজড়িত দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। পবিত্র এই দিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সামাজিক মাধ্যম এক্সে নিজের ভেরিফায়েড হ্যান্ডেল শেয়ার করা টুইটে মোদি বলেন, ‘ঈদ মোবারক! মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই পবিত্র উপলক্ষ আমাদের চারপাশে আরও বেশি ঐক্য ও আনন্দ বয়ে আনবে। মানুষের প্রতি সদয় হওয়া এবং সমাজের জন্য কিছু করার চেতনা যেন সবসময় আমাদের পথ দেখায়।’

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ইসলামি প্রতিষ্ঠানে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহানবী (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে আলোচনা হবে। তার ওপর সালাম ও দরুদ পাঠ এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে এক অনুষ্ঠানে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পক্ষকালব্যাপী সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালার উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ সরকারি ছুটি। সংবাদপত্রেও ছুটি ঘোষণা করা হয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিষ্টাব্দে আরবের মক্কা নগরীর অভিজাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ ইবনে আবদুল মুত্তালিব মহানবী (সা.)-এর জন্মের আগেই ইন্তেকাল করেন। মা আমিনা বিনতে ওয়াহাবের ঘরে জন্ম নেওয়া মহানবী (সা.) শৈশব থেকে এলাকাবাসীর মধ্যে সততা, ন্যায়পরায়ণতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

আরবের সমাজে তখন ব্যাপক অনাচার চলছিল। গোত্রে গোত্রে চলত হানাহানি। বিশ্বজগতের রহস্য ও মানবসমাজের কল্যাণের উপায় নিয়ে যুবক বয়সে মহানবী (সা.) জনপদের কিছু দূরে থাকা পাহাড়ের নির্জন গুহা হেরায় ধ্যানমগ্ন থাকতেন। ৪০ বছর বয়সে হেরা গুহায় তাঁর ওপর প্রথম আল্লাহর ওহি নাজিল হয়। এর পর থেকে তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত, সত্য, ন্যায় ও সাম্যের পথে আহ্বান জানান। দীর্ঘ ২৩ বছরের নবুয়তি জীবনে তিনি ইসলামের বাণী প্রচারের পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ইসলামের মূল নীতিগুলো ছাড়াও মহানবী (সা.)-এর শিক্ষা ছিল মানুষের প্রতি ভালোবাসা, অসহায় ও দরিদ্রের পাশে দাঁড়ানো, অন্যায়-অবিচার পরিহার এবং শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা।

কেএন/টিএ

মন্তব্য করুন