মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী ডলি পার্টন
ছবি: সংগৃহীত
০৩:৪৫ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
মারা গেছেন ‘কান্ট্রি’ ঘরানা সংগীতের কিংবদন্তি শিল্পী, গীতিকার, অভিনেত্রী, উদ্যোক্তা ও সমাজসেবী ডলি পার্টন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
তার পরিবারের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ক্যানসারের সঙ্গে অল্প সময়ের লড়াইয়ের পর স্বজনদের উপস্থিতিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডলির মৃত্যু শুধু একজন জনপ্রিয় শিল্পীর বিদায় নয়; এটি একটি যুগের অবসান। ছয় দশকের বেশি সময় ধরে তিনি সংগীত, অভিনয় ও মানবিক কাজের মাধ্যমে কোটি কোটি মানুষের জীবনে প্রভাব রেখেছেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মাত্র ছয় বছর বয়সেই নিজের প্রথম গান লিখেছিলেন ডলি। এটি ছিল ভুট্টার শিষ দিয়ে তৈরি পুতুলকে নিয়ে লেখা। এরপর আর থামেননি ডলি। প্রায় ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে গায়িকা, গীতিকার ও অভিনেত্রী হিসেবে তিনি বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন। নিজের দক্ষতার কারণে তিনি হয়ে উঠেছিলেন মার্কিন সংগীতের অন্যতম জনপ্রিয় তারকা।
ডলি পার্টন ১১টি গ্র্যামি পুরস্কার জিতেছেন। এর মধ্যে রয়েছে আজীবন সম্মাননা পুরস্কারও। কোট অব মেনি কালার্স, জোলিন ও আই উইল অলওয়েজ লাভ ইউয়ের মতো জনপ্রিয় গান তাকে সর্বকালের অন্যতম সফল শিল্পীতে পরিণত করে। তার অ্যালবাম বিক্রি হয়েছে ১০ কোটিরও বেশি।
তার গান দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও লোক সংগীতকে পরিচিত করে।
এসএ/টিএ