২০৩০ সালের মধ্যে শতাধিক নতুন মডেলের গাড়ি আনছে হুন্দাই
ছবি: সংগৃহীত
১১:৩০ এএম | ২৭ আগস্ট, ২০২৬
২০৩০ সালের মধ্যে শতাধিক নতুন মডেলের গাড়ি নিয়ে আসছে হুন্দাই। ওই বছর বিশ্বজুড়ে মোট ৫৫ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে কোরিয়ার শীর্ষস্থানীয় এই অটোমোবাইল কোম্পানি। যার ৬০ শতাংশই হবে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি। (তথ্যসূত্র-কোরিয়া টাইমস)
হুন্দাই কোম্পানি যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপ, চীনা গাড়ি নির্মাতাদের তীব্র প্রতিযোগিতা এবং ভবিষ্যৎ মোবিলিটির রূপান্তরমূলক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এই মহাপরিকল্পনা হাতে নিয়েছে।
সিউলের কনরাড হোটেলে আয়োজিত ‘সিইও ইনভেস্টর ডে’ অনুষ্ঠানে বিনিয়োগকারী ও বিশ্লেষকদের সামনে এই ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, পরিকল্পিত নতুন মডেলগুলোর মধ্যে সম্পূর্ণ এবং আংশিক পরিবর্তনযুক্ত (ফেসলিফ্ট) গাড়ির পাশাপাশি ডেরিভেটিভ মডেলও থাকবে। এর মধ্যে ১৮টিরও বেশি মডেল হবে সম্পূর্ণ নতুন সেগমেন্টের, যেখানে হুন্দাইয়ের বর্তমানে কোনো গাড়ি নেই।
হুন্দাই মোটর জানিয়েছে, তারা শুধু ঐতিহ্যবাহী গাড়ি নির্মাণেই সীমাবদ্ধ থাকবে না; বরং স্বয়ংক্রিয় ড্রাইভিং (অটোনোমাস) ও রোবটিক্স খাতে নিজেদের পরিসর বাড়িয়ে ‘ফিজিক্যাল এআই’ (Physical AI) প্রতিষ্ঠানে রূপ নেওয়ার রূপরেখা চূড়ান্ত করেছে। এর অংশ হিসেবে চলতি বছরের চতুর্থ প্রান্তিকে মার্কিন সেলফ-ড্রাইভিং প্রতিষ্ঠান ‘ওয়েমো’কে (Waymo) তাদের জর্জিয়া প্ল্যান্টে উৎপাদিত ‘আয়োনিক ৫’ (IONIQ 5) রোবোট্যাক্সি সরবরাহ করবে তারা। এছাড়া ২০২৮ সাল থেকে কারখানায় স্থাপন করা হবে বোস্টন ডায়নামিক্সের ‘অ্যাটলাস’ (Atlas) ইন্ডাস্ট্রিয়াল হিউম্যানয়েড রোবট।
অনুষ্ঠানে হুন্দাই মোটরের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জোসে মুনোজ বলেন, "আমাদের অর্থনৈতিক ভিত্তি বর্তমানে যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী। হুন্দাই মোটর গ্রুপ বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং দ্বিতীয় সর্বাধিক লাভজনক অটোমোবাইল গ্রুপ। যেখানে অন্যরা বিনিয়োগ কমাতে বাধ্য হচ্ছে, সেখানে আমরা নতুন প্রযুক্তিতে বিনিয়োগ করার মতো শক্তিশালী অবস্থানে রয়েছি।"
হুন্দাইয়ের দেওয়া তথ্যানুযায়ী, ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী তাদের উৎপাদন সক্ষমতা ১২ লাখ ৭০ হাজার ইউনিট বাড়ানো হবে। এর মধ্যে উত্তর আমেরিকায় ৫ লাখ, ভারতে ৩ লাখ ২০ হাজার এবং দক্ষিণ কোরিয়ায় ২ লাখ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি করা হবে। একইসঙ্গে ২০৩০ সালের মধ্যে বিশ্ববাজারে মোট ৫৫ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা বহাল রেখেছে প্রতিষ্ঠানটি, যার ৬০ শতাংশই হবে বিদ্যুচ্চালিত (ইলেকট্রিফাইড ও হাইব্রিড) গাড়ি।
বাজারভিত্তিক পরিকল্পনায় হুন্দাই জানায়, ২০৩০ সালের মধ্যে উত্তর আমেরিকার বাজারে ১০টি নতুন হাইব্রিড মডেল যুক্ত করা হবে এবং সেখানে হাইব্রিড বিক্রির হার ৫০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ভারতে তাদের মোট বিক্রির ৮০ শতাংশ এসইউভি (SUV) সেগমেন্ট থেকে অর্জনের আশা করছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে ইউরোপের বাজারে প্রবৃদ্ধি ধরে রাখতে আসছে মাসেই তারা ইউরোপভিত্তিক ‘আয়োনিক ৩’ মডেল উন্মোচন করতে যাচ্ছে।
এছাড়া, চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে লেভেল ২+ মানের স্বয়ংক্রিয় প্রযুক্তিসম্পন্ন সফটওয়্যারভিত্তিক গাড়ি (SDV) বড় পরিসরে উৎপাদনের কথাও জানিয়েছে হুন্দাই মোটরস।
টিএ/