চোট কাটিয়ে প্রথমবার জনসমক্ষে বিজয়ের হাত ধরে হাজির রাশমিকা
ছবি: সংগৃহীত
০২:৩০ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
হিপের চোট থেকে সেরে ওঠার পর প্রথমবার জনসমক্ষে দেখা গেল অভিনেত্রী রাশমিকা মান্দানাকে। প্রযোজক সিরগাপুর নিরঞ্জন রেড্ডির ছেলের বাগদান অনুষ্ঠানে বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে হাজির হন এই অভিনেত্রী। দুজনকে হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করতে দেখা যায়। তাদের উপস্থিতি মুহূর্তেই কেড়ে নেয় সবার নজর।
তবে অনুষ্ঠানে রাশমিকার উপস্থিতির পাশাপাশি তার পোশাকও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাগদান অনুষ্ঠানের জন্য তিনি বেছে নিয়েছিলেন ডিজাইনার সুরীনা চৌধুরীর একটি অনারকলি সেট। পোশাকটির দাম ৮৯ হাজার ৯০০ রুপি।
বাগদান অনুষ্ঠানে রাশমিকা মান্দানাকে দেখা যায় বোতল-সবুজ রঙের আনারকলিতে। সিল্ক ভেলভেট দিয়ে তৈরি পোশাকটিতে ছিল রাজকীয় আবহ। একই কাপড়ে তৈরি বোতল-সবুজ রঙের একটি দোপাট্টাও ছিল এর সঙ্গে।
পোশাকটির গলার অংশ, হেমলাইন ও দোপাট্টাজুড়ে ছিল আকর্ষণীয় আড়ি ও জারদৌজি কাজ। সব মিলিয়ে বাগদান অনুষ্ঠানের জন্য পোশাকটি ছিল বেশ নজরকাড়া। রাশমিকা মাঝখান থেকে সিঁথি করে সোজা চুল খোলা রেখেছিলেন। সাজের সঙ্গে গলায় পরেছিলেন একটি চোকার এবং ডান হাতে ছিল পাথরখচিত একটি কড়া।

অন্যদিকে, বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যায় পুরো কালো পোশাকে। কালো প্যান্টের সঙ্গে তিনি পরেছিলেন ভেলভেটের তৈরি ছোট কালো বান্ধগলা।
‘মাইসা’ সিনেমার শুটিং সেটে হিপে চোট পেয়েছিলেন রাশমিকা। এ কারণে বেশ কিছুদিন তাকে বিছানায় বিশ্রামে থাকতে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের চোটের কথা জানিয়ে তিনি লিখেছিলেন, চোট পাওয়া একেবারেই ভালো লাগার বিষয় নয়। তবে বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন বলেও জানান তিনি।
অভিনেত্রী জানান, এটি ছিল পরপর তার তৃতীয় চোট। এ ঘটনায় নিজের শরীরকে যন্ত্রের মতো নয়, মানুষের শরীর হিসেবে যত্ন নেওয়া উচিত—এ উপলব্ধিও হয়েছে তার।
‘মাইসা’কে নিজের সবচেয়ে অ্যাকশনধর্মী সিনেমা হিসেবে উল্লেখ করে রাশমিকা জানান, চোটের ব্যথা সহনীয় ছিল। সুস্থ হওয়ার সময়ে বাড়িতে থেকে পাজল সমাধান, বই পড়া, বিভিন্ন অনুষ্ঠান দেখা, মিটিং করা এবং ত্বক ও চুলের যত্ন নিয়ে সময় কাটিয়েছেন তিনি।
ব্যায়াম ও দৌড়ানোর অভ্যাস থাকলেও চোটের কারণে কিছুদিন সেগুলো থেকে বিরত থাকতে হচ্ছে বলে জানান অভিনেত্রী। আর এই সময় ব্যায়াম করতে না পারায় খাবারের প্রতি আকর্ষণ বেড়ে যাওয়ার কথাও মজার ছলে জানিয়েছেন তিনি।
সূত্র: এনডিটিভি
এসএন