© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সৌদি যুবরাজকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শেয়ার করুন:
সৌদি যুবরাজকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌদি যুবরাজের প্রতি তার এ চিঠি দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের হাতে তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সৌদি আরবের জেদ্দায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক্সট্রাঅর্ডিনারি কাউন্সিলের বৈঠকের সাইডলাইনে সাক্ষাৎকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর হাতে চিঠিটি তুলে দেন হুমায়ুন কবির। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাৎকালে উভয়পক্ষ বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে বিএনপির নেতৃত্বে সরকার গঠনের পর দুই দেশের মধ্যে কয়েকটি উচ্চ পর্যায়ের সফর অনুষ্ঠিত হয়েছে। এতে করে নানাবিধ সেক্টরে সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও উচ্চ পর্যায়ের সফরের কথাও বলেন তিনি।

এ সময় অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির গুরুত্বারোপ করে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর তালিকায় রয়েছে বাংলাদেশ। তিনি বাংলাদেশে সৌদি আরবের কোম্পানিগুলোর আগ্রহের কথা জানান এবং বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আগ্রহের কথা ব্যক্ত করেন।

এছাড়াও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী দেশটির উন্নয়নে সেখানে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবদানের প্রশংসা করেন। এ সময় তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সাক্ষাৎকালে সৌদি আরবের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আবদুলকারিম আল-খারেজি এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিসহ অন্যান্য উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন