© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পুলিশের ধাওয়া খেয়ে ৯ বস্তা গাঁজাসহ পুকুরে পড়ল মাইক্রোবাস

শেয়ার করুন:
পুলিশের ধাওয়া খেয়ে ৯ বস্তা গাঁজাসহ পুকুরে পড়ল মাইক্রোবাস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:০৬ পিএম | ২৮ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুকুর থেকে গাঁজাবাহী মাইক্রোবাসসহ বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কসবা থানা পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুকুরে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা ভারতীয় গাঁজা উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর কসবা থানার এসআই শামিমের নেতৃত্বে পুলিশের একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অবস্থান নেয়। এ সময় কালো রঙের একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটিকে থামার সংকেত দেয়া হয়। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে।

পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়ক দিয়ে পালানোর চেষ্টা করে। একপর্যায়ে খিদিরপুর গ্রাম পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা চালক ও পাচারকারীরা সাঁতরে পালিয়ে যায়।

পুকুরে পড়ার পর মাইক্রোবাস থেকে গাঁজার প্যাকেট বের হয়ে পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ ক্রেন এনে মাইক্রোবাসটি পুকুর থেকে তোলে। এ সময় পানিতে ভাসমান অবস্থায় থাকা ৯ বস্তা গাঁজাও উদ্ধার করা হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। মাইক্রোবাসটিকে থামার সংকেত দেয়া হলেও চালক নির্দেশনা উপেক্ষা করে পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করলে খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেন এনে মাইক্রোবাস ও এতে থাকা গাঁজা উদ্ধার করা হয়েছে।

এফআর/টিএ

মন্তব্য করুন