মসজিদে বিস্ফোরণ: ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণের আদেশ স্থগিত
নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে আগামী ১ ডিসেম্বর এ বিষয়ে করা আবেদনের ওপর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ঠিক করেছেন আদালত।
রবিবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তিতাস গ্যাস কর্তৃপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. নূরুজ্জামান এ আদেশ দেন। আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান।
শুনানিতে তিতাস গ্যাসের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান, রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও রিট আবেদনের পক্ষে ছিলেন তৈমুর আলম খন্দকার।
ব্যারিস্টার মেজবাহুর রহমান বলেন, আমরা শুধু হাইকোর্টের অন্তর্বর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেছি। এতে ৫ লাখ টাকার আদেশের অংশ স্থগিত চেয়েছিলাম। আদালত স্থগিতাদেশ দিয়েছেন।
এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৯ সেপ্টেম্বর বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ ক্ষতিগ্রস্ত পরিবার প্রতি ৫ লাখ টাকা করে প্রদানের নির্দেশ দেন। একইসঙ্গে রুল জারি করেন। ওইদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। সঙ্গে ছিলেন রিটকারী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার।
৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে গত ৭ সেপ্টেম্বর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় নারায়ণগঞ্জের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার ই-য়াম খন্দকার জনস্বার্থে রিট দায়ের করেন। রিটে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, তিতাস গ্যাস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদের বিস্ফোরণ হয়। এ ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়। ভর্তি আছেন পাঁচজন।
আরও পড়ুন
মসজিদে বিস্ফোরণ: ক্ষতিপূরণ আদেশ স্থগিত চেয়ে তিতাসের আপিল
মসজিদে বিস্ফোরণ: চিকিৎসাধীন পাঁচজনের কেউই শঙ্কামুক্ত নন
টাইমস/এইচইউ