১২ বছর পর ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নতুন কমিটি
ছবি: সংগৃহীত
১২:৩৩ এএম | ৩১ আগস্ট, ২০২৬
১২ বছর পর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে ওমর ফারুক মানিককে সভাপতি এবং ফাতিন ইশরাক মোল্লাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাতে ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে ওমর ফারুককে এবং সহ-সভাপতি করা হয়েছে জাকির হোসেন নাইমকে। এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. তারেক রহমান এবং সাংগঠনিক সম্পাদক করা হয়েছে ফারহান ইকবাল সাদকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে হবে। এ জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
২০১০ সাল থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ছিলেন এনামুল হক সবুজ। মুঠো ফোনে তিনি বলেন, ‘২০১৪ সালের ডিসেম্বরের শেষ দিকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটিতে রিয়াদ হোসেন সভাপতি এবং সাহাদাত হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। এরপর আর কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের কোনো কমিটি গঠন করা হয়নি।’
একেএস/টিএ