© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২০০ ফুট উচ্চতার বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠেন যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

শেয়ার করুন:
২০০ ফুট উচ্চতার বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠেন যুবক, উদ্ধারে ফায়ার সার্ভিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫২ এএম | ৩১ আগস্ট, ২০২৬
ময়মনসিংহের ভালুকায় প্রায় ২০০ ফুট উচ্চতার বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে চাঞ্চল্য সৃষ্টি করেছেন এক যুবক। পরে প্রায় ৭ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

রোববার (৩০ আগষ্ট) সকাল ৭টার দিকে হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের গাংগাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

উদ্ধার যুবকের নাম মো. সাগর (৩৩)। তিনি নান্দাইল উপজেলার উত্তর তারাপাশা গ্রামের মৃত জনাব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে কৃষকরা মাঠে কাজ করার সময় দেখতে পান, সাগর নবনির্মিত বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠে ঘোরাঘুরি করছেন। একপর্যায়ে তাকে টাওয়ারের তারের ওপর শুয়ে-বসে হাত-পা নাড়াতেও দেখা যায়। প্রায় ২০০ ফুট ওপর থেকে যুবকের এমন কর্মকাণ্ড দেখে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা ভালুকা ফায়ার সার্ভিস ও মডেল থানায় খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় নানা কৌশল প্রয়োগ করে যুবককে নিরাপদে নামানোর চেষ্টা শুরু হয়। প্রায় সাত ঘণ্টার চেষ্টার পর তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনা সম্ভব হয়।

স্থানীয় কৃষক মো. হারুন মিয়া ও জুয়েল মিয়া জানান, তারা জমিতে কাজ করার সময় ওই যুবককে বিদ্যুতের টাওয়ারে উঠে ঘোরাঘুরি করতে দেখেন। মাঝে মাঝে তারের ওপর শুয়েও ছিলেন তিনি। বিষয়টি দেখে তারা দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। পরে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় ওই যুবককে নিচে নামিয়ে আনে।

ভালুকা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া জানান, লাইনটিতে নতুন তার টানা হলেও এখনও বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। তবে বড় ধরনের দুর্ঘটনা বা পড়ে যাওয়ার ঝুঁকি মনে করে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ভালুকা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন কৌশল প্রয়োগ করে ওই যুবককে নিচে নামানো হয়। 

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন। পরিবারের লোকজন আসলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।

এফআর/এসএন

মন্তব্য করুন