বন্ধু বা স্বজনকে টাকা ধার দেওয়া কতটা নিরাপদ?
ছবি: সংগৃহীত
০১:২৮ পিএম | ৩১ আগস্ট, ২০২৬
মূল্যস্ফীতি ও বাড়তি জীবনযাত্রার ব্যয়ের চাপে যখন মানুষের আয়-ব্যয়ের হিসাব মেলানো কঠিন, তখন বন্ধু বা পরিবারের কাছ থেকে টাকা ধার চাওয়ার ঘটনাও বাড়ছে। কিন্তু পরিচিত কাউকে আর্থিকভাবে সাহায্য করতে গিয়ে নিজেরই ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে।
যুক্তরাষ্ট্রের ভোক্তা অধিকারবিষয়ক অনুষ্ঠান ‘সেভেন অন ইউর সাইড’-এর এক প্রতিবেদনে এমন অভিজ্ঞতার কথা উঠে এসেছে। সেখানে এক নারী জানান, বন্ধুকে ধার দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। বারবার টাকা চাইলে বন্ধুটি নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যেতেন।
ব্যাংকরেট ডটকমের এক সমীক্ষায় দেখা গেছে, ৬৯ শতাংশ মানুষ বন্ধু বা পরিবারের সদস্যকে টাকা ধার দিয়েছেন। তবে তাদের মধ্যে ৪৪ শতাংশ কোনো না কোনোভাবে ক্ষতির মুখে পড়েছেন। কারও টাকা ফেরত আসেনি, কারও ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কারও ক্ষেত্রে নষ্ট হয়েছে দীর্ঘদিনের সম্পর্ক।
বিশেষজ্ঞদের পরামর্শ, পরিচিত কাউকে টাকা ধার দেওয়ার আগে নিজের আর্থিক সামর্থ্য বিবেচনা করা জরুরি। এমন পরিমাণ অর্থ কখনোই ধার দেওয়া উচিত নয়, যা ফেরত না পেলে নিজের প্রয়োজন মেটাতে সমস্যা হবে।
আরও ঝুঁকিপূর্ণ হতে পারে নিজের ক্রেডিট কার্ড অন্যকে ব্যবহার করতে দেওয়া বা কারও ঋণের কো-সাইনার হওয়া। কারণ ঋণগ্রহীতা টাকা পরিশোধে ব্যর্থ হলে দায়ভার আপনার ওপরও পড়তে পারে এবং আপনার ক্রেডিট স্কোর ক্ষতিগ্রস্ত হতে পারে।
তাই কাউকে সাহায্য করতেই হলে এমন অর্থই দেওয়া ভালো, যা ফেরত না এলেও আপনার আর্থিক নিরাপত্তা নষ্ট হবে না। সহজ কথায়, অন্যকে সাহায্য করার আগে নিজের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই বুদ্ধিমানের কাজ।
এসএন