‘অপরাধী পাপমুক্ত টিকিট’ চালু করেছে জামায়াত: রাশেদ খান
ছবি: সংগৃহীত
০৪:৫৬ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২৬
জামায়াতে ইসলামী ‘অপরাধী পাপমুক্ত টিকিট’ চালু করেছে বলে মনে করছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি জামায়াতের সেই ‘আলাদিনের চেরাগ’ দেখার আগ্রহ প্রকাশ করেছেন, যে জাদুতে একজন অপরাধীও পাপমুক্ত মানুষ হয়ে যায়।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫০ জন। এদের মধ্যে সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ এস এম খালেকুজ্জামানসহ সাবেক সরকারি কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
বিষয়টি নিয়ে আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন রাশেদ খান। সেই পোস্টে জামায়াতের ‘আলাদিনের চেরাগ’ দেখার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, জামায়াতে যোগদান করা অতিরিক্ত বিচারপতি সৈয়দ শাহিদুর রহমানকে ২০০৪ সালে অর্থের বিনিময়ে জামিনের আশ্বাসের অভিযোগ অপসারণ করা হয়। পরবর্তীতে অপসারণের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান শাহিদুর রহমান। কিন্তু ২০১৫ সালেও তার অপসারণ করে দেওয়া রাষ্ট্রপতির আদেশ বহাল রাখে আপিল বিভাগ। এবার তিনি জামায়াতে যোগদান করে অতীতের সব বিতর্ক থেকে নিজেকে পরিশুদ্ধ করার উদ্যোগ নিয়েছেন।
রাশেদ খান বলেন, ‘জামায়াতকে ধন্যবাদ, তারা অপরাধী ও বিতর্কিতদের পুনর্বাসন করে সঠিক পথে আনার উদ্যোগ নিয়েছে।’
আবার শুনলাম, এনসিপি নেতা ইসহাক সরকারের এক ভাই ৩৬ বছর ধরে মানুষ হতে না পারলেও জামায়াতে যোগদান করার সঙ্গে সঙ্গে মানুষ হয়ে গেছে মর্মে বক্তব্য দিয়েছেন, যোগ করেন রাশেদ খান।
তিনি বলেন, ‘জামায়াতের এই আলাদিনের চেরাগ দেখার খুব ইচ্ছে, সেখানে কি জাদু আছে যে মুহূর্তের মধ্যে একজন অপরাধীও পাপমুক্ত মানুষ হয়ে যায়। ভোটের আগে জান্নাতের টিকিটের মতো জামায়াত বর্তমানে অপরাধী পাপমুক্ত টিকিট চালু করেছে বলে মনে হচ্ছে।’
ফেসবুক পোস্টের শেষে রাশেদ খান লিখেছেন, এটা অবশ্য ইতিবাচক যে, সব অপরাধী যদি জামায়াতে গিয়ে ভালো মানুষ হয়ে যায়, তাও দেশটা অপরাধী মুক্ত হবে।
এমআই/টিএ