ফেসবুকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ
ছবি: সংগৃহীত
০৫:৫১ পিএম | ০৪ সেপ্টেম্বর, ২০২৬
গাজীপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ও সরকারকে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে পূর্বের সন্ত্রাসবিরোধী আইনে মামলায় দিয়ে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আওয়াল এ তথ্য জানান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে পুলিশ কর্মকর্তা বলেন, ‘সিফাতের বিরুদ্ধে মানহানির কোনও মামলা হয়নি। তাকে পূর্বের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।’
এর আগে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা-পুলিশ তাকে আটক করে।
আটক আব্দুল্লাহ সিফাতের বাড়ি দক্ষিণ খাইলকুর এলাকায়। তিনি ‘ইনকিলাব মঞ্চ’-এর গাছা শাখার সদস্য বলে জানা গেছে।
এদিকে সিফাতকে আটকের খবর ছড়িয়ে পড়লে গাছা থানার সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন যুবশক্তির নেতৃত্বে নেতাকর্মীরা থানায় অবস্থান নেন। তারা সিফাতকে মুক্তি না দেওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সিফাতকে আটকের বিষয়টি নিয়ে এনসিপি ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা থানার সামনে মুখোমুখি অবস্থান নেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পুলিশ জানিয়েছে, আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমআর/টিএ