প্রথম সপ্তাহেই ২০০ কোটি, বক্স অফিসে ‘মির্জাপুর: দ্য মুভি’র দাপট
ছবি: সংগৃহীত
০১:৪৬ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
‘মির্জাপুর’-এর দাপট যে শুধু ওটিটি পর্দাতেই সীমাবদ্ধ নয়, তা যেন প্রেক্ষাগৃহে গিয়েই প্রমাণ করে দিল। মুক্তির পর একের পর এক রেকর্ড গড়ে প্রথম সপ্তাহেই ২০০ কোটির ঘরে ঢুকে পড়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী, আলী ফজল ও দিব্যেন্দু শর্মার এই সিনেমা সাত দিনেই বিশ্বজুড়ে আয় করেছে ২১২ কোটি ৪৪ লাখ রুপি।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির সপ্তম দিনে শুধু ভারতেই সিনেমাটি নিট ১০ কোটি ৫৫ লাখ রুপি আয় করেছে। ফলে দেশটিতে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৯৪ লাখ রুপি। আর ভারতের বাজারে নিট আয় এখন ১৪৮ কোটি ৪৫ লাখ রুপি—১৫০ কোটির মাইলফলক থেকে আর মাত্র দেড় কোটি রুপি দূরে।
প্রথম দিনেই ২৫ কোটি ৭৫ লাখ রুপি আয় করে শক্তিশালী শুরু করেছিল সিনেমাটি। এরপর সপ্তাহান্তে বেড়ে যায় গতি। তৃতীয় দিনেই সর্বোচ্চ ৩৬ কোটি রুপি আয় করে ‘মির্জাপুর: দ্য মুভি’।

শুধু ভারত নয়, দেশের বাইরেও দর্শকের আগ্রহ দেখা গেছে ছবিটি ঘিরে। এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটির আয় ৩৫ কোটি ৫০ লাখ রুপি।
ওটিটির জনপ্রিয় ক্রাইম ফ্র্যাঞ্চাইজি ‘মির্জাপুর’-এর প্রিক্যুয়েল হিসেবে বড় পর্দায় এসেছে সিনেমাটি। গুরমিত সিং পরিচালিত এবং পুনীত কৃষ্ণের লেখা ছবিতে মূল সিরিজের আগের সময়ের গল্প তুলে ধরা হয়েছে।
ছবিতে কালিন ভাইয়া চরিত্রে পঙ্কজ ত্রিপাঠী, গুড্ডু পণ্ডিত চরিত্রে আলী ফজল এবং মুন্না ভাইয়া চরিত্রে দিব্যেন্দু শর্মাকে দেখা গেছে। গুরুত্বপূর্ণ চরিত্রে আরও রয়েছেন রসিকা দুগল, শ্বেতা ত্রিপাঠী, জীতেন্দ্র কুমার ও রবি কিষাণ।
‘মির্জাপুর’-এর সেই পরিচিত চরিত্রগুলো এবার ওটিটির পর্দা ছেড়ে বড় পর্দায় আসতেই যেন দর্শকের উন্মাদনাও নতুন মাত্রা পেয়েছে। প্রথম সপ্তাহের ২০০ কোটির ঝড় বলছে, এই গল্পের নেশা এখনো কাটেনি।
এমআর/এসএন