নতুন ওয়েব ফিকশন নিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে পরীমণি
ছবি: সংগৃহীত
০৫:৫০ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
নতুন ওয়েব ফিকশন ‘সেপারেশন’ দিয়ে আবারও গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় কাজ করছেন পরীমণি। রাজধানীর ৩০০ ফিট এলাকায় এরই মধ্যে শুরু হয়েছে ফিকশনটির শুটিং। এতে পরীমনির সঙ্গে জুটি বেঁধেছেন ইমতিয়াজ বর্ষণ। পাশাপাশি বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকে।
গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে এটি পরীমনির দ্বিতীয় কাজ। এর আগে পরিচালকের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। নতুন ফিকশনে আবারও তাঁদের একসঙ্গে কাজের খবর প্রকাশ্যে আসায় দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে আগ্রহ।

তবে ‘সেপারেশন’-এ পরীমনিকে ঠিক কোন চরিত্রে দেখা যাবে, গল্পের বাঁকই বা কোন দিকে এগোবে- এসব বিষয়ে এখনো নির্মাতাদের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে পরীমনির চরিত্র ও ইমতিয়াজ বর্ষণের সঙ্গে তার নতুন জুটি ঘিরে কৌতূহল বাড়ছে।
শুটিং শুরুর মধ্য দিয়ে নতুন এই কাজটি নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। ‘সেপারেশন’ মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে। নতুন গল্পে পরীমনি, ইমতিয়াজ বর্ষণ ও নিরবের উপস্থিতি কেমন হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।
এসএ/টিএ