বিজয়-রাশমিকার ‘রণবালী’ কি সত্য ঘটনা অবলম্বনে?
ছবি: সংগৃহীত
০৭:৪৪ এএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রণবালী’। রাহুল সংকৃত্যায়ন পরিচালিত এই পিরিয়ড অ্যাকশন-ড্রামার টিজার প্রকাশের পর থেকেই সিনেমাটির গল্পের উৎস নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে ‘রণবালী’ কি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত?
সরাসরি কোনো ঐতিহাসিক ব্যক্তির জীবনকাহিনি নিয়ে তৈরি নয় ‘রণবালী’। তবে সিনেমাটির গল্পের পটভূমি তৈরি হয়েছে ভারতের ইতিহাসের এক ভয়াবহ সময়কে কেন্দ্র করে। বিশেষ করে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ‘গ্রেট মাদ্রাজ ফেমিন’ এবং দক্ষিণ ভারতের রায়ালসীমা অঞ্চলের মানুষের দুর্ভোগ ও প্রতিরোধের ইতিহাস থেকে অনুপ্রেরণা নিয়েছে ছবিটি।
সিনেমায় বিজয় দেবেরাকোন্ডাকে দেখা যাবে ‘রণবালী’ চরিত্রে। রায়ালসীমার এক তেলেগু যুবক হিসেবে পর্দায় হাজির হবেন তিনি। ব্রিটিশ শাসনের শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে নিজের এলাকার মানুষের অধিকার রক্ষায় লড়াই শুরু করে রণবালী। চরিত্রটি নির্দিষ্ট কোনো ঐতিহাসিক ব্যক্তিকে অনুসরণ করে তৈরি নয়; বরং সেই সময়ের বিভিন্ন বিদ্রোহী ও লোককথার চরিত্রের ছায়ায় নির্মিত একটি কাল্পনিক চরিত্র।
রণবালীর স্ত্রী ও সংগ্রামের অন্যতম সঙ্গী ‘জয়াম্মা’ চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। অন্যদিকে, হলিউড অভিনেতা আর্নল্ড ভোসলুকে দেখা যাবে ব্রিটিশ শাসক ও সিনেমার প্রধান খলনায়ক স্যার থিওডোর হেক্টরের ভূমিকায়।
ইতিহাসের ভয়াবহ দুর্ভিক্ষ
‘রণবালী’-র গল্পের কেন্দ্রে রয়েছে ১৮৭৬ সালের দক্ষিণ ভারতের ভয়াবহ খরা ও দুর্ভিক্ষ। অনাবৃষ্টির কারণে ওই অঞ্চলে খাদ্যসংকট তৈরি হলেও পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে তৎকালীন ঔপনিবেশিক সরকারের নীতির কারণে।
দুর্ভিক্ষের সময়ও খাদ্যশস্য রপ্তানি এবং কর আদায়ের মতো ব্রিটিশ নীতির কারণে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায়। মাদ্রাজ প্রেসিডেন্সিসহ দক্ষিণ ভারতের বিস্তীর্ণ এলাকায় অনাহার ও রোগে বিপুল মানুষের মৃত্যু হয়।
এই পরিস্থিতিতে রায়ালসীমার বহু মানুষ ক্ষুধা ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। খাদ্যগুদাম লুট থেকে শুরু করে ব্রিটিশ কর্তৃপক্ষের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ—বিভিন্নভাবে প্রতিবাদ ছড়িয়ে পড়ে। সেই সময়ের মানুষের সংগ্রাম ও লোকগাথাকেই ‘রণবালী’-র কাল্পনিক নায়কের ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে।
টিজারে দেখা গেছে খরা, অনাহার ও ব্রিটিশ শোষণে বিপর্যস্ত এক জনপদের চিত্র। মানুষের খাবার কেড়ে নেওয়া থেকে শুরু করে অত্যাচারের নানা দৃশ্যের মধ্যেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে দেখা যায় বিজয়ের চরিত্রকে।
মাইথ্রি মুভি মেকার্সের প্রযোজনায় নির্মিত ‘রণবালী’ আগামী ১৬ অক্টোবর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এফআর/এসএন