© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ব্র্যাডের নতুন সিনেমার ভিডিও দেখে আবেগপ্রবণ সামান্থা

শেয়ার করুন:
ব্র্যাডের নতুন সিনেমার ভিডিও দেখে আবেগপ্রবণ সামান্থা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্র্যাড পিটের আসন্ন সিনেমা ‘হার্ট অব দ্য বিস্ট’-এর প্রচারমূলক ভিডিও দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে অনুভূতির কথাও জানিয়েছেন তিনি।

‘হার্ট অব দ্য বিস্ট’-এ ব্র্যাড পিটকে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। গল্পে বিমান দুর্ঘটনার পর একটি জঙ্গলে নিজের অবসরপ্রাপ্ত যুদ্ধকুকুরের সঙ্গে আটকা পড়েন তিনি। প্রতিকূল পরিবেশে টিকে থাকার লড়াইয়ের পাশাপাশি ধীরে ধীরে মানুষ ও কুকুরের মধ্যকার গভীর সম্পর্কও গল্পের অন্যতম মূল বিষয় হয়ে ওঠে।

প্রচারমূলক ভিডিওতে ব্র্যাড জানান, কুকুরের চেটে দেওয়া আগে তার একেবারেই ভালো লাগত না। তবে সিনেমার চরিত্রের প্রয়োজনে সেই ধারণা বদলে যায়। শুটিংয়ের সময় কুকুরটির সঙ্গে একই বাটি থেকে খাবার ও পানি পর্যন্ত খেয়েছেন তিনি। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে কুকুরটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার প্রয়োজন ছিল তার।



ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করে সামান্থা লিখেছেন, ‘আমার মন এটা দেখে সহ্য করতে পারছে না।’ প্রাণীদের প্রতি তার নিজের গভীর ভালোবাসার কারণেই ভিডিওটির সঙ্গে এতটা আবেগ দিয়ে যুক্ত হয়েছেন তিনি বলে ধারণা করা হচ্ছে। সামান্থার বাড়িতে দুটি কুকুর ও একটি বিড়াল রয়েছে।

প্রচারমূলক ভিডিওতে আরও উঠে এসেছে, চরিত্রের প্রস্তুতির জন্য ব্র্যাড কীভাবে কুকুরটির সঙ্গে সময় কাটিয়েছেন এবং প্রশিক্ষণ নিয়েছেন। শুটিংয়ের সময় নিয়মিত কুকুরটির জন্য খাবার রাখতেন তিনি। সময়ের সঙ্গে তাদের মধ্যে তৈরি হয় বিশেষ এক বন্ধন, যা পর্দায় সম্পর্কটিকে আরও স্বাভাবিক ও বাস্তব করে তুলতে সাহায্য করেছে।

সিনেমাটিতে মানুষ ও কুকুরের সম্পর্কের এই আবেগঘন দিক নিয়ে কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে ব্র্যাড পিট বলেন, পুরো অভিজ্ঞতাটিই ছিল ‘অক্লান্ত এবং জাদুকরী’।

এসএ/টিএ


মন্তব্য করুন