© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফ্যাসিবাদকে দেশে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী পুতুল

শেয়ার করুন:
ফ্যাসিবাদকে দেশে আর মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী পুতুল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩২ এএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ আর কোনোদিনই মাথা তুলে দাঁড়াতে পারবে না। তারা দেশকে একটি ভঙ্গুর অবস্থায় নিয়ে গেছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা অডিটোরিয়াম কক্ষে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী পুতুল বলেন, বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সরকার তাৎক্ষণিক সহায়তা প্রদান করছে।

তিনি বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য। আমরা চাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াক এবং স্বাভাবিক জীবনে ফিরে আসুক।

তিনি আরও বলেন, অতীতে ক্ষমতায় থাকা সরকার দেশের অর্থনীতি ও সামাজিক কাঠামোকে দুর্বল করে দিয়েছিল। সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠনের জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার শামসুল ইসলাম, বাগাতিপাড়া থানার ওসি সুমন চন্দ্র দাস, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোশাররফ হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান প্রমুখ।

চেক বিতরণ শেষে প্রতিমন্ত্রী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি ভবিষ্যতে এমন দুর্ঘটনা মোকাবিলায় সতর্কতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বাগাতিপাড়ার বেশ কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হন। তাদের পুনর্বাসনের অংশ হিসেবে সরকার এই আর্থিক সহায়তা প্রদান করছে।

একেএস/ টিএ

মন্তব্য করুন