হাসপাতালে শিশুর মৃত্যু, কর্মকর্তা বললেন ‘জন্ম-মৃত্যু আমাদের হাতে নেই’
ছবি: সংগৃহীত
১১:১৯ এএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আমেনা নামে সাত মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা এবং সময়মতো ছাড়পত্র না পাওয়ার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
মৃত আমেনা উপজেলার শিকারপুর ইউনিয়নের বরর্তা গ্রামের মহিন্দ্রাচালক মিলন তালুকদারের মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, ফুড পয়জনিংজনিত সমস্যায় গত ৯ সেপ্টেম্বর আমেনাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরও তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার উদ্যোগ নেন পরিবারের সদস্যরা।
স্বজনদের দাবি, শিশুটিকে বরিশালে নেওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করা হলেও তাকে ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসাধীন রাখা হয়।
পরিবারের অভিযোগ, গত ১৩ সেপ্টেম্বর রাতে আমেনার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে। বিষয়টি দায়িত্বে থাকা নার্সদের জানানো হলেও তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। পরে গভীর রাতে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবা মিলন তালুকদার অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তি করার পর তার মেয়েকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। নার্সদের কাছ থেকেও প্রয়োজনীয় সেবা পাওয়া যায়নি। চিকিৎসক ও নার্সদের অবহেলার কারণেই তার মেয়ের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় হাসপাতালের চিকিৎসাসেবা ও দায়িত্বে থাকা নার্সদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বজনরা। তারা ঘটনার তদন্ত করে চিকিৎসায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তার বলেন, ‘জন্ম-মৃত্যু আমাদের হাতে নেই।’
চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, শিশুর স্বজন, নার্স, চিকিৎসক ও সংশ্লিষ্টদের ডেকে নিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে।
এমআই/এসএন