© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দিনাজপুর ডিপোতে ভারত থেকে এলো ৪ হাজার টন ডিজেল

শেয়ার করুন:
দিনাজপুর ডিপোতে ভারত থেকে এলো ৪ হাজার টন ডিজেল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪০ পিএম | ১৫ সেপ্টেম্বর, ২০২৬
দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার টন (৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার) ডিজেল বাংলাদেশে পৌঁছেছে। ভারতের আসামের নিমালগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে পাম্পকৃত এই জ্বালানি তেল সফলভাবে রিসিভ টার্মিনাল ডিপোতে এসে জমা হয়েছে।   

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ডিজেল খালাস শুরু হয় এবং ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে সম্পূর্ণ প্রক্রিয়াকরণ সম্পন্ন হয়।  

ভারত থেকে সীমান্ত পেরিয়ে আসা এই ডিজেল নিয়ম অনুযায়ী তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের মধ্যে সমানভাবে বণ্টন করা হবে।

জ্বালানি নিরাপত্তা জোরদারে ২০১৮ সালের ৯ এপ্রিল দুই দেশের মধ্যে ১৫ বছর মেয়াদে প্রায় ২০ লাখ টন ডিজেল আমদানির চুক্তি বাস্তবায়িত হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের ১৮ মার্চ এই ক্রস বর্ডার পাইপলাইনটি উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ মোট ৩ লাখ ৩০ হাজার ৮৭ টন পরিশোধিত ডিজেল পাইপলাইনের মাধ্যমে গ্রহণ করেছে।

বাংলাদেশ অংশে ফ্রেন্ডশিপ পাইপলাইনের দৈর্ঘ্য ১২৬.৫৭ কিলোমিটার। ভূগর্ভস্থ এই পাইপলাইনটি পঞ্চগড়ের তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও বোদা উপজেলা এবং নীলফামারী সদর ও দিনাজপুরের চিরিরবন্দর হয়ে সরাসরি পার্বতীপুর রিসিভ টার্মিনালে সংযুক্ত হয়েছে। সম্পূর্ণ নিরাপদ পরিবহনের উদ্দেশ্যে মাটির প্রায় পাঁচ থেকে আট ফুট গভীরে এটি স্থাপন করা হয়েছে।

এমআর/টিএ  


মন্তব্য করুন